Logo

বিনোদন

এক বিলিয়ন ডলার আয়ে রেকর্ড গড়ল ‘মাইকেল’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৬:২৯

এক বিলিয়ন ডলার আয়ে রেকর্ড গড়ল ‘মাইকেল’

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলে ইতিহাস গড়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। বিশ্বজুড়ে টিকিট বিক্রিতে সিনেমাটি এক বিলিয়ন ডলার আয়ের অনন্য মাইলফলক স্পর্শ করেছে।

চলচ্চিত্র ইতিহাসের প্রথম বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমা হিসেবে এটি এই গৌরব অর্জন করল। গত এপ্রিলে বড় পর্দায় আসার পর থেকেই পর্দার পেছনের নানা বিতর্ক ও সমালোচকদের তীব্র সমালোচনাকে পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে চলচ্চিত্রটি।

সিনেমাটি আন্তর্জাতিক বাজারে ৬২৯ দশমিক আট মিলিয়ন ডলার এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে ৩৭১ দশমিক আট মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে এক দশমিক ০০১ বিলিয়ন ডলারে। মুক্তির প্রথম সপ্তাহের শেষে বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি ২০১৫ সালের ‘স্ট্রেট আউটা কম্পটন’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল।

দর্শকদের ইতিবাচক সাড়া ও ভালোবাসার কারণে গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে এটি বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রাখে।

সিনেমাটি ইতিমধ্যে বেশ কিছু বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছে। ২০২৩ সালের সাড়া জাগানো সিনেমা ‘ওপেনহাইমার’এর ৯৭৫ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে এটি এখন বাস্তব কোনো ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পৃথিবীর সবচেয়ে সফল সিনেমা হিসেবে স্থান করে নিয়েছে। একই সঙ্গে ২০১৮ সালে কুইন ব্যান্ডকে নিয়ে তৈরি ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-কে ছাড়িয়ে এটি এখন ইতিহাসের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিক।

এটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের সর্বকালের সবচেয়ে বড় চলচ্চিত্র এবং স্টুডিওটির প্রথম সিনেমা যােএক বিলিয়ন ডলারের ক্লাব ছুঁতে পেরেছে। এর আগে লায়ন্সগেটের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল ২০১৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার’।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মাইকেল ছাড়া কেবল ইউনিভার্সালের অ্যানিমেটেড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি’ মুভি এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পেরেছে। তালিকায় এর ঠিক পরেই ৮৭৯ দশমিক এক মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিজনির ‘টয় স্টোরি ৫। উত্তর আমেরিকায় লায়ন্সগেট এটি মুক্তি দিলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটি পরিবেশন করেছে ইউনিভার্সাল।

অ্যান্টোইন ফুকা পরিচালিত এই সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের শৈশবের ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ’ থেকে শুরু করে বিশ্বমঞ্চে পপ সম্রাট হয়ে ওঠার পুরো যাত্রাপথ তুলে ধরা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে, এই সিনেমায় মাইকেল জ্যাকসনের নিজের বাস্তব জীবনের ভাগ্নে জাফর জ্যাকসন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম অভিনয়।

এ ছাড়া মাইকেলের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং। সিনেমাটির বিপুল সাফল্যের পর আশা করা হচ্ছে, লায়ন্সগেট কর্তৃপক্ষ জ্যাকসনের জীবন নিয়ে আরো অন্তত একটি চলচ্চিত্র নির্মাণের অনুমোদন দেবে।

এই ঐতিহাসিক সাফল্যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক অ্যান্টোইন ফুকা এক বিবৃতিতে বলেন, এই মাইলফলকে পৌঁছানো আমাদের পুরো দলের অক্লান্ত নিষ্ঠার ফল। বিশ্বজুড়ে দর্শকরা প্রেক্ষাগৃহে এসে যেভাবে সিনেমাটিকে আপন করে নিয়েছেন, তা বিভিন্ন প্রজন্ম ও সংস্কৃতির মানুষকে এক সুতোয় বেঁধেছে। অন্যদিকে লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন, দর্শকদের এই আবেগ ও ভালোবাসা সর্বকালের অন্যতম সেরা একজন সংগীতশিল্পীর চিরস্থায়ী আবেদনেরই প্রমাণ এবং এটি সিনেমা হলে গিয়ে ছবি দেখার গুরুত্বকে আবারও মনে করিয়ে দেয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন