ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।
তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
অপর আসামিরা হলেন, বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকাল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ছয় লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
অভিযোগে আরো বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে। গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ছয় লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

