টালিউডের বাতাসে গত কয়েক মাস ধরে ভেসে বেড়ানো গুঞ্জনের অবসান ঘটালেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও তার সংগীতশিল্পী স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর বিশেষ দিনটিকে বেছে নিয়ে অনুরাগীদের জীবনের সবচেয়ে বড় ও আনন্দের খবরটি জানালেন এই তারকা দম্পতি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা নিশ্চিত করলেন—তাদের ঘরে আসছে নতুন অতিথি, মা হতে চলেছেন সোহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে কয়েকটি
বিশেষ ছবি প্রকাশ করেন এই দম্পতি। ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি, খোলা চুলে লাল
ফুল গোঁজা স্নিগ্ধ সাজে ক্যামেরায় ধরা দিয়েছেন অন্তঃসত্ত্বা সোহিনী, যেখানে তার ‘বেবি বাম্প’ ছিল অত্যন্ত স্পষ্ট। আর পাশে
আকাশি রঙের পাঞ্জাবিতে চওড়া হাসিতে দেখা গেছে হবু বাবা শোভনকে। ছবির ক্যাপশনে তারা
যৌথভাবে লেখেন, ‘বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’ এই একটি লাইনেই তারা পরিষ্কার
করে দেন যে, খুব জলদিই প্রথম সন্তানের অভিভাবক হতে যাচ্ছেন তারা।
পোস্টটি শেয়ার করার পরপরই তা নেট দুনিয়ায়
ভাইরাল হয়ে যায় এবং সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভেসে যান এই জুটি। টালিউড তারকাদের
মধ্যে অভিনেত্রী অলিভিয়া সরকার উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, আমি আনন্দে চিৎকার করছি।
তোমাদের দুজনের জন্য অনেক ভালোবাসা। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, অনেক
ভালোবাসা, দিদি। এছাড়া মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীসহ
টালিপাড়ার বহু তারকা ও শুভাকাঙ্ক্ষী এই হবু বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে চলতি বছরের জুন মাস থেকেই টালিগঞ্জে
জোর গুঞ্জন ছড়ায় যে সোহিনী মা হতে চলেছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায়
রেখেছিলেন এই দম্পতি। ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদই তাদের কোল
আলো করে আসবে নতুন সদস্য। সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘ফেরা’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোহিনীকে।
এরপর মাতৃত্বকালীন অবসরের কারণে বেশ কিছুদিন ধরে নতুন কোনো কাজের ঘোষণা দেননি তিনি।
কাজ থেকে দূরে থাকায় তার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই সম্পূর্ণ
ঘরোয়া ও জাঁকজমকহীন আয়োজনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন
সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের সময় কঠোর গোপনীয়তা বজায় রাখলেও পরে সামাজিক
যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’ বিয়ের ঠিক দুই
বছর পর সেই বিশেষ দিনটিতেই জীবনের এক নতুন ও সুন্দরতম অধ্যায়ের সূচনা করলেন এই তারকা
যুগল।
বাংলাদেশের খবর/এম.আর

