সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৬:০৭
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করছি।’
এতে আরও বলা হয়, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’
খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর সহকর্মী, ভক্ত ও অনুসারীরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন।
এর আগে ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। নিজের ভাঙা মোবাইল ফোন সেটের কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’
মেঘলা মুক্তা সবচেয়ে বেশি আলোচনায় আসেন তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে। শুরুর দিকে র্যাম্পে কাজ করেছেন মেঘলা। মডেল হিসেবে কাজ করেছেন বিলবোর্ড আর গানের ভিডিওতে। বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন থেকে নাম লেখান সিনেমায়। মেঘলা মুক্তা অভিনীত সিনেমার মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ উল্লেখযোগ্য।
বাংলাদেশের খবর/আরইউ

