Logo

বিনোদন

ডক্টরেট ডিগ্রি পেলেন অভিনেত্রী রানি মুখার্জি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:২৪

ডক্টরেট ডিগ্রি পেলেন অভিনেত্রী রানি মুখার্জি

ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ৩০ বছরের বর্ণাঢ্য অভিনয়জীবন ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে এই ডিগ্রি প্রদান করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের মঞ্চে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অভিনয় দক্ষতার পাশাপাশি শিক্ষা, নারী ক্ষমতায়ন ও শিশু কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য লা ট্রোব বিশ্ববিদ্যালয় রানি মুখার্জিকে এই স্বীকৃতি জানায়।

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র মতো একাধিক হিট ও নারীপ্রধান চলচ্চিত্রে জটিল এবং শক্তিশালী চরিত্র ফুটিয়ে তুলে সিনেমা জগতে নিজের অবস্থান মজবুত করেছেন তিনি।

আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে রানি মুখার্জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শুধু ভারতের একজন অভিনেত্রীকে নয়, ভারতীয় চলচ্চিত্রের মূল শক্তিকেও আপনারা আপন করে নিয়েছেন। কিশোরী বয়সে যখন চলচ্চিত্রজগতে পা রাখি, তখন আমার সামনে কোনো নির্দিষ্ট পথনির্দেশ ছিল না। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

পর্দায় তার অভিনীত বিভিন্ন চরিত্র প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমার ফুটিয়ে তোলা নারী চরিত্রগুলো যে দেশের সীমানা ছাড়িয়ে ভিন্ন সংস্কৃতির মানুষের মন ছুঁয়ে যাবে, তা হয়তো আগে কখনো ভাবিনি।’

মেলবোর্নে রানি মুখার্জির এই সম্মাননা গ্রহণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত অনুরাগীরা অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করছেন।

রানি মুম্বাইয়ের জুহুর মানেকজি কুপার হাই স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি মুম্বাইয়ের এসএনডিটি উইমেনস ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং হোম সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

অর্থাৎ, এবারের ডক্টরেটটি তার নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জিত কোনো উচ্চতর একাডেমিক ডিগ্রি নয়। এটি সম্মানসূচক ডক্টরেট, যা সাধারণত কোনো ব্যক্তির পেশাগত, সাংস্কৃতিক, সামাজিক বা মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে।

পড়াশোনার পাশাপাশি রানি একজন প্রশিক্ষিত ওডিশি নৃত্যশিল্পীও। স্কুলজীবনেই তিনি এই নৃত্য শেখা শুরু করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন