Logo

বিনোদন

নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:৫৭

নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি

ঢাকাই চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রী ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তমা মির্জা অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার যুক্ত হয়েছেন কর্পোরেট দুনিয়ায়। প্রায় তিন মাস ধরে দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক এবি ব্যাংক -এর গুলশান প্রধান কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ধারণকৃত একটি ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন এই পেশাগত পরিচয় প্রকাশ্যে আনেন তিনি।

নতুন এই পেশায় আত্মপ্রকাশ নিয়ে ভক্তদের মনে অভিনয় ছাড়ার গুঞ্জন তৈরি হলেও তা নাকচ করে দিয়েছেন তমা। বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং নিয়মিত কাজ করে যাব ইনশাআল্লাহ্। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয় পেশার ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। তাই দুটি ক্ষেত্রই সমানতালে চালিয়ে যেতে কোনো বাধা দেখছি না।” মূলত বছরে এক-দুটি কাজ করার কারণে বাকি অবসর সময়ে নতুন কিছু শেখা, জীবনের ভিন্ন অভিজ্ঞতা অর্জন ও নিজের কাজের পরিধিকে সমৃদ্ধ করতেই ব্যাংকিং খাতে যুক্ত হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর নদীজন’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা মির্জা। পরবর্তীতে বাণিজ্যিক ঘরানার পাশাপাশি ওটিটি মাধ্যমে নিজেকে পুরোপুরি নতুনভাবে ভেঙে গড়েন তিনি। রায়হান রফীর জানোয়ার, খাঁচার ভেতর অচিন পাখি, ফ্রাইডে, সাত নম্বর ফ্লোর এবং প্রেক্ষাগৃহে সুড়ঙ্গ ও শিহাব শাহীনের ব্লকবাস্টার দাগি সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। ২০২৩ সালের শেষদিকে পশ্চিমবঙ্গের নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় দুই বন্ধু নামের একটি ওয়েব সিরিজে কাজ করলেও আন্তর্জাতিক প্রজেক্টটি মুক্তি না পাওয়া নিয়ে তার কিছুটা অভিমান রয়েছে।

তবে অভিনেত্রী হিসেবে তমার ব্যস্ততা কমছে না। খুব শীঘ্রই তিনি ভিকি জাহেদের পরিচালনায় এবং আলফা আইয়ের প্রযোজনায় খলনায়ক (প্রাথমিক নাম) শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন, যেখানে তার বিপরীতে আবারো দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। ব্যাংকের নতুন পরিবেশ ও নতুন সহকর্মীদের সাথে সময় বেশ দারুণ কাটছে জানিয়ে তমা বলেন, অভিনয় জীবনের বাইরে বেছে বেছে অল্প কাজ করে বাকি সময় নতুন কিছু এক্সপ্লোর করতে পারাটা বড় একটা সুযোগ। এই নতুন পরিচয়ে সফলতার জন্য তিনি শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন