Logo

বিনোদন

হয়রানির উদ্দেশ্যে মামলার দাবি

পি টিউনের পরাগ বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

পি টিউনের পরাগ বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার

ছবি: সংগৃহীত

সঙ্গীত পরিবেশক প্রতিষ্ঠান পি টিউন স্টুডিওর স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অর্থ আত্মসাৎ, হত্যার হুমকি ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন (আকাশ) মামলাটি নরসিংদী আদালতে করেন। 

তবে মামলার অভিযোগগুলো সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন পরাগ।  তার দাবি, তাকে হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। 

পরাগ জানান, এর মধ্যে আদালত মামলার বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআইয়ের কাছে তদন্তাধীন থাকা সত্ত্বেও বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, মানসিকভাবে হেনস্তা করা এবং তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

তার ভাষ্য, বিভিন্ন অনলাইন ও ডিজিটাল মাধ্যমে অনবরত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এদিকে পরাগ বিশ্বাস মামলাটি প্রসঙ্গে বলেন, পি টিউন স্টুডিও ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার মধ্যকার সম্পর্ক ছিল একটি নিয়মিত বাণিজ্যিক পরিবেশনা সম্পর্ক। যা ২০২২ সালের ২০ ডিসেম্বর উভয় পক্ষের স্বাক্ষরিত লিখিত চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। 

মামলার বাদী মো. জসিম উদ্দিন (আকাশ) বিস্তারিত জেনে ও বুঝে নিজেই ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন। সংশ্লিষ্ট ইনভয়েস, হিসাব-বিবরণী ও ব্যাংক লেনদেনের রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে এবং তদন্ত চলাকালে তা উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, পরবর্তীতে ২০২৩ সালের ২৪ এপ্রিল Believe International-এর ট্রান্সফার দলিলের মাধ্যমে মো. জসিম উদ্দিন (আকাশ) নিজে ইলেকট্রনিক স্বাক্ষর দিয়ে সম্পূর্ণ গানের ক্যাটালগের নিয়ন্ত্রণ বুঝে নেন। হস্তান্তরসংক্রান্ত ওই দলিলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বাক্ষর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরাগ কুমার বিশ্বাস জানান, তিনি ২০২৬ সালের ২৪ আগস্ট আইনি নোটিশটি হাতে পান। নোটিশে নির্ধারিত সময়সীমার মধ্যেই তার আইনজীবী অ্যাডভোকেট মো. আহসান আলীর মাধ্যমে বিস্তারিত ও দলিলভিত্তিক জবাব প্রস্তুত করে ৩০ আগস্ট রেজিস্ট্রি ডাকযোগে (এ/ডি) ও ইমেইলে পাঠানো হয়। 

বিভিন্ন গণমাধ্যমের সংবাদের বিষয়টি প্রসঙ্গে পরাগ বলেন, কোনো গণমাধ্যম আমার সঙ্গে কথা বলেনি। অথচ এমন নিউজের ক্ষেত্রে অবশ্যই আমার বক্তব্য নেওয়া প্রয়োজন ছিল।

উল্লেখ্য, পি টিউন স্টুডিও ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত একটি রেকর্ড লেবেল ও অনুমোদিত ডিজিটাল সংগীত পরিবেশক সংস্থা। প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে সঙ্গীত পরিবেশনা ও স্বত্ব ব্যবস্থাপনার কাজ করে আসছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন