Logo

বিনোদন

বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৮

অ
বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে গানটির সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন যুক্ত করার চেষ্টা করা হয়েছে এই প্রযোজনায়।

‘আঁধার রাতের ছায়া’ গানের কথা লিখেছেন সালাম সরকার, সুর করেছেন সোহেল অটল। যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও সোহেল অটল। মিউজিক্যাল শর্ট ফিল্মটির ভিডিও পরিচালনাও করেছেন সোহেল অটল।

গত ১২ নভেম্বর Atol's Cafe নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়।

এই প্রযোজনার অন্যতম বিশেষত্ব হলো, এর দৃশ্য নির্মাণে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এআইয়ের সহায়তায় মিউজিক্যাল ফিল্মের বিভিন্ন ফুটেজ তৈরি করা হয়েছে। গল্পের আবহ, চরিত্রের উপস্থিতি, দৃশ্যের বিন্যাস এবং সিনেমাটিক উপস্থাপনায় প্রযুক্তিটির ব্যবহার প্রযোজনাটিকে দিয়েছে ভিন্নমাত্রা।

নির্মাতার পরিকল্পনায় ‘আঁধার রাতের ছায়া’ কেবল একটি গানের ভিডিও নয়; বরং সংগীত ও চলচ্চিত্রের মেলবন্ধনে নির্মিত একটি মিউজিক্যাল শর্ট ফিল্ম। এখানে গানের আবেগকে দৃশ্যের মাধ্যমে গল্পের আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট নির্মাণে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে কাজটি একটি ভিন্নধর্মী উদ্যোগ।

Atol's Cafe-এর এই আয়োজনের মধ্য দিয়ে সংগীতের সঙ্গে প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণের নতুন সম্ভাবনাকে তুলে ধরেছেন নির্মাতা সোহেল অটল।

শিল্পী বেলাল খান এ প্রসঙ্গে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল চিন্তাকে কাজে রূপান্তরের যে অভাবনীয় সুযোগ তৈরি করে দিয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করার সময় এখন। এই গানটির ভিজুয়াল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে। এমনই মানুষ এবং এআই—এর যুগলবন্ধন সৃষ্টিশীলতাকে গতি দিচ্ছে।

গান সম্পর্কে বেলাল বলেন, দারুণ মিষ্টি প্রেমের গান। সালাম সরকার দারুণ লিখেছেন। দারুণ সুর করেছেন সোহেল অটল। সুমন কল্যাণের মতো পেশাদার মিউজিশিয়ানের তত্ত্বাবধানে গানটি পরিবেশনযোগ্য হয়ে উঠেছে। আশা করছি সবার ভালো লাগবে।

মিউজিক্যাল শর্টফিল্মের লিংক— https://www.youtube.com/watch?v=KRiyFH-sHPQ।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন