মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে লাভ নেই: জয়া আহসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:০৯
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারে অসংখ্য সাফল্য ও খ্যাতি অর্জন করা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, এখনো সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। তার ভক্তরা প্রায়ই জানতে চান, তিনি কি বিয়ে করবেন? তবে এ বিষয়ে দীর্ঘদিন নীরব থাকলেও এবার নিজের মত প্রকাশ করেছেন তিনি।
একটি সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, ‘বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার এত দায়িত্ব আছে, যা সংসারের চেয়ে কম কী!’ তিনি জানান, এখন যে সংসারটি করছেন, তাতে তিনি খুবই সুখী এবং সফল। তার মতে, সংসার মানে শুধু বিয়ে নয়, বরং দায়িত্ব ও সম্পর্কের ব্যাপার।
জয়া আহসান আরো বলেন, ‘আমার চারটি পোষ্য, মা, ভাই-বোন, গাছপালা—এইসব আমার সংসার। বিয়ে করেও অনেকের মধ্যে যোজন যোজন দূরত্ব থাকে। তাহলে সেটাই কি সংসার?" তিনি যুক্ত করেন, ‘মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই।’
উল্লেখ্য, মডেল ফয়সাল আহসানের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হননি জয়া। বর্তমান জীবনে, তিনি তার নিজস্ব সংসারে সুখী এবং কর্মজীবনেও সফল।
গেল বছরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা 'নকশী কাঁথার জমিন'। যেখানে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া, ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুর’তেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে, যেখানে একজন ডাইনির চরিত্রে দেখা গেছে জনপ্রিয় এ অভিনেত্রীকে।
এফএটি

