Logo

বিনোদন

কঙ্গনা ও সোনু সুদের বন্ধুত্বে ছেদ: পাঁচ বছর পর মন্তব্য সোনুর

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৫

অ
কঙ্গনা ও সোনু সুদের বন্ধুত্বে ছেদ: পাঁচ বছর পর মন্তব্য সোনুর

ছবি: সংগৃহীত

এক সময়ে ভালো বন্ধু ছিলেন কঙ্গনা রানাওয়াত ও সোনু সুদ। তবে ২০১৯ সালে মণিকর্ণিকা সিনেমার শুটিংয়ের সময় থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন কৃষ জগরলামুড়ি। কিন্তু পরে কঙ্গনা নিজেই পরিচালনার দায়িত্ব নেন। এ সময় থেকেই সোনু সিনেমাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর প্রায় পাঁচ বছর পেরিয়েছে। আজও একে অপরের সঙ্গে কথা বলেন না তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার বিষয়ে কথা বলেন সোনু সুদ। তিনি বলেন, ‘আমি আর কঙ্গনার বন্ধু নই, তাই মণিকর্ণিকা থেকে আমি বেরিয়ে এসেছিলাম। কিন্তু কঙ্গনার মা, বাবা, বোন এবং গোটা পরিবারের সঙ্গে এখনও আমার সুসম্পর্ক রয়েছে।’ সোনু আরো বলেন, ‘আমি এক ধরনের নিয়ম মেনে চলি—যে সময়ে কারও সঙ্গে সুসম্পর্ক ছিল, তার বিরুদ্ধে কখনও খারাপ মন্তব্য করব না, যা-ই হোক।’

কঙ্গনার বিরুদ্ধে খারাপ মন্তব্য না করার কারণ হিসেবে সোনু জানান, ‘আমার মনে হয় কঙ্গনা কখনোই খারাপ মানুষ নয়। তবে কিছু কথা বলার আগে তার একটু ভাবা উচিত। হয়তো এক সময় আমি এমন কিছু করেছি, যা আমার ভুল ছিল। তবে সেগুলো নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।’

মণিকর্ণিকা সিনেমার পর থেকে দুজনের মধ্যে আর কোনও কথা হয়নি। তাদের দুজনের বন্ধু অজয় একাধিকবার মিটমাটের চেষ্টা করলেও, সোনু কোনোভাবেই বিষয়টি বাড়াতে চাননি। তিনি বলেন, ‘এটা নিয়ে আর কিছু বলার প্রয়োজন মনে করি না। কঙ্গনা যা বলবে, সেটা তার ভাবনার বিষয়। আমি আর সেটি নিয়ে কিছু বলতে চাই না।’

আসন্ন সিনেমা ‘ফতেহ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সোনু সুদ। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনার বহু প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন