শঙ্কামুক্ত হলেও শুটিংয়ে ফিরতে নিষেধ ফারহানের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৬
ছবি: সংগৃহীত
ভাইরাল জ্বর ও শারীরিক অস্বস্তির কারণে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকার বাইরে শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। কস্টিউম গোছানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, সেদিন রাতে সুস্থই মনে হয়েছিল ফারহানকে, কিছু সময় পর তিনি কথা বলার সময় হঠাৎ বেহুঁশ হয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। এরপর জানা যায়, ফারহান জ্বর ও শরীর ব্যথায় ভুগছিলেন । অবস্থা গুরুতর হলে পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
বর্তমানে ফারহান শঙ্কামুক্ত অবস্থায় আছেন, তিনি এখন খেতে পারছেন এবং কথাও বলতে সক্ষম। তবে চিকিৎসকরা তাকে এখনি শুটিংয়ে ফিরতে নিষেধ করেছন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই শুটিংয়ের কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন তারা।
এ পরিস্থিতিতে, তার ভক্তরা আশ্বস্ত হলেও, আবারও টেলিভিশনের পর্দায় প্রিয় অভিনেতাকে দেখার অপক্ষায় রয়েছেন দর্শকেরা। সেই সাথে ফারহানের দ্রুত সুস্থতাও কামনা করছেন।
এফএটি

