দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার নিয়মিত মুখ সাফা কবির। তবে এবার এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি তিনি অভিনয় করেছেন একটি ভৌতিক গল্পের নাটকে, যা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। নির্মাতা সিকদার ডায়মন্ড পরিচালিত ‘প্রতিধ্বনি’ নাটকটিতে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন সাফা।
তিনি জানান, এটি তার ক্যারিয়ারে প্রথম পূর্ণাঙ্গ ভৌতিক কোনো কাজ। গল্প, লোকেশন ও ক্যামেরা ওয়ার্কের প্রশংসা করে সাফা বলেন, এই নাটকের প্রতিটি ফ্রেম দর্শকদের ভালো লাগবে বলে তার বিশ্বাস।
সাফা জানান, নাটকের চিত্রনাট্য পড়ে তার মধ্যে এক ধরনের আগ্রহ কাজ করছিল। কারণ, সাম্প্রতিক সময়ে এমন ভিন্নধর্মী চিত্রনাট্য তিনি কমই পেয়ে থাকেন। হরর কাজ হওয়ায় শুটিংয়ের সময় ভয়ও পেয়েছিলেন বলেও জানান তিনি। ‘প্রতিধ্বনি’ নাটকের শুটিং হয়েছে একটি পুরনো বাড়িতে, যা রাতের বেলা পুরোপুরি নির্জন হয়ে যেত। চারপাশে কোনো মানুষজন না থাকার কারণে পরিবেশটা ভয়ানক ছিল। তবে শুটিং টিমের সহযোগিতায় তিনি কাজটি শেষ করতে পেরেছেন।

দীর্ঘদিন বিরতির পর ভিন্ন এক গল্প নিয়ে নির্মাণে ফিরেছেন নির্মাতা ডায়মন্ড শিকদার। নতুন এ কাজ নিয়ে তিনি ভীষণ আশাবাদী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বাংলাদেশের খবরকে বলেন, ‘প্রতিধ্বনি’ আমার জন্য বিশেষ একটি কাজ। প্রায় দশ বছর পর নাটক নির্মাণে ফিরে আসার যাত্রায় এটি আমার প্রথম পদক্ষেপ। কিশোর কুমার দাসের লেখা ছোটগল্প অবলম্বনে এর চিত্রনাট্য আমরা যৌথভাবে তৈরি করেছি। নাটকের সংলাপগুলো আমার নিজের লেখা, যা গল্পের আবেগ ও গভীরতাকে আরও জীবন্ত করে তুলেছে।
নাটকের সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রখ্যাত ডিওপি গোলাম মাওলা নবী, যাঁর কাজ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও প্রদর্শিত হয়েছে। অভিনয়ের ক্ষেত্রে জনপ্রিয়তার চেয়ে দক্ষতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়েছি, যাতে চরিত্রগুলো দর্শকের মনে গভীর ছাপ ফেলতে পারে। এর সঙ্গে রয়েছে মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা গল্পের অনুভূতিকে আরও তীব্র করবে।
তিনি আরও বলেন, ‘প্রতিধ্বনি’ টিমের প্রত্যেকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজটি নিখুঁত করতে চেষ্টা করেছে। এখন দায়িত্ব দর্শকের—নাটকটি দেখা এবং মতামত দেওয়া। ভালো লেগে থাকলে উৎসাহ পাবো, আর কোথাও ঘাটতি থাকলে তা জানালে ভবিষ্যতে আরও উন্নত কাজ উপহার দিতে পারব।
‘প্রতিধ্বনি’ নাটকে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।
এফএটি

