‘চালচিত্র’ সিনেমায় অপূর্বের কণ্ঠস্বর নিয়ে ধোঁয়াশা ভাঙল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:২২
ছবি: সংগৃহীত
ওপার বাংলার প্রেক্ষাগৃহে চলছে দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত প্রথম সিনেমা ‘চালচিত্র’। সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসছেন অপূর্ব। তবে সিনেমার ডাবিং নিয়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও টলিউড অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।
প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ সিনেমায় অপূর্বের অভিনয় মন কেড়েছে দর্শকদের, তবে ছবির শেষ লগ্নে কণ্ঠস্বর নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই দাবি করছেন, সিনেমায় অপূর্বের কণ্ঠস্বর ডাব করেছেন সুদীপ মুখোপাধ্যায়। অন্যদিকে, অপূর্বের অনুরাগীদের দাবি, তারা সিনেমায় অপূর্বের কণ্ঠই শুনেছেন।
দীর্ঘ বিতর্কের পর এবার পরিচালক প্রতিম ডি’গুপ্ত স্বীকার করেছেন, শুটিংয়ের সময় অডিও স্পষ্ট না থাকায় প্রথমে সুদীপকে দিয়ে অপূর্বের অংশের ডাবিং করানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত অপূর্ব ঢাকায় বসেই নিজের অংশের ডাবিং সম্পন্ন করেন এবং সেই কণ্ঠই সিনেমায় ব্যবহার করা হয়েছে। প্রতিম আরও জানান, সিনেমার ট্রেলারে প্রথমে সুদীপের কণ্ঠস্বর ব্যবহার করা হলেও পরে অপূর্বের ডাবিং সম্পন্ন হলে নতুন ট্রেলার প্রকাশ করা হয়।
ডাবিং প্রসঙ্গে সুদীপ মুখোপাধ্যায় বলেন, তিনি প্রতিমের অনুরোধে ডাবিং করেছিলেন। তবে অপূর্বের অসাধারণ অভিনয় তাকে মুগ্ধ করেছে। অপূর্বের কণ্ঠস্বর দিয়ে সিনেমা সম্পন্ন হওয়ায় তার কোনো আক্ষেপ নেই। তিনি আরও যোগ করেন, দুই অভিনেতার কণ্ঠস্বরের ধরন মিললেও তাদের শব্দ উচ্চারণে পার্থক্য রয়েছে, যা দর্শক সহজেই বুঝতে পারবেন।
পুরো সিনেমায় সুদীপের ডাবিং না রাখলেও সিনেমার শেষে সুদীপকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক প্রতিম ডি’গুপ্ত।

