ছবি: সংগৃহীত
ফের দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে কেনাকাটা করতে যান শাওন। ফেরার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর তার বাঁ পা রিকশার চাকার নিচে চাপা পড়ে যার ফলে গুরুতর আঘাত পান শাওন।
দুর্ঘটনার পর তাকে দ্রুত শ্যামলীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামাজিক মাধ্যমে এ দুর্ঘটনার খবর নিজেই জানান শাওন। ফেসবুকে এই ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত এক অটোরিকশা! কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় সজোরে ধাক্কা দিলেন। যার ফলে আমি মাটিতে পড়ে যাই। এরপর আমার পায়ে ওপর দিয়ে রিকশার চাকা চলে যায়।

তবে দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে না গিয়ে নিজের দোষ স্বীকার করেন। স্থানীয় কয়েকজন পথচারী এবং একজন চা-দোকানদার সাহায্যের হাত বাড়িয়ে দেন। শাওন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রায় পাঁচ বছর আগে আরেকবার পায়ে আঘাত পেয়ে শয্যাশায়ী হয়েছিলেন শাওন। নিজের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়ে শাওন লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি। তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।’
এফএটি

