ভক্তদের চমকে দিয়ে গোপনে বিয়ে সারলেন দর্শন রাওয়াল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৫
ছবি: সংগৃহীত
লাখো নারী ভক্তের হৃদয় ভেঙে গোপনে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। প্রিয় বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি। সামাজিক মাধ্যমে তাদের বিশেষ দিনের কিছু মিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দর্শন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে আইভরি রঙের শেরওয়ানি এবং লাল রঙের লেহেঙ্গায় সজ্জিত দেখা যায় দর্শন ও সুরেলিয়াকে।
ছবিগুলি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা নবদম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন। ছবিগুলিতে দর্শন ও সুরেলিয়ার মুখে আনন্দের ঝলক ও ভালোবাসার ছোঁয়া স্পষ্ট। যা তাদের রসায়নকে আরও দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছে। প্রিয় বন্ধুর সাথে ছবির ক্যাপশনে দর্শন লিখেছেন,‘আমার চিরকালের সেরা বন্ধু’, যা ভক্তদের মন জয় করেছে।
দর্শন রাভাল প্রথম আলোচনায় আসেন ২০১৪ সালে ‘ইন্ডিয়াজ র-স্টার’-এ প্রতিযোগী হিসেবে। শোতে রানারআপ হলেও, বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে তাঁর ক্যারিয়ার শুরুর পথ খুলে যায়। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন দর্শন। জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ ও অন্যান্য।
শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তার। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
এফএটি

