ছবি: সংগৃহীত
গভীর রাতে বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়েছিলেন অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ। তবে, চুরির চেষ্টা ব্যর্থ হয়ে গেলে গৃহকর্তাকেই আক্রমণ করেন তিনি। ধারালো অস্ত্র দিয়ে সাইফ আলি খানকে একাধিকবার আঘাত করেন শরিফুল।
সেই হামলার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফ। ঘটনার তিনদিন পর পালিয়ে থাকা সে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি দীক্ষিত গেদম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন যে কাজের অভাবের কারণে চুরি করতে গিয়েছিলেন। তবে তিনি জানতেন না যে সেটি শীর্ষস্থানীয় তারকা দম্পতির বাড়ি। চুরির সময় বাধাপ্রাপ্ত হয়ে গৃহকর্তাকে আক্রমণ করে পালিয়ে যান শরিফুল।
টিভিতে খবর দেখে তিনি বুঝতে পারেন, বিষয়টি বড় আকার ধারণ করছে এবং তখনই ঠাণে এলাকায় গা ঢাকা দেন। মোবাইল বন্ধ করে নির্জন স্থানে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়তে হয় তাকে।
এফএটি

