Logo

প্রবাস

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অবহেলিত বাংলা ভাষা

Icon

কৌশলী ইমা, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অবহেলিত বাংলা ভাষা

ছবি : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। প্রায় ২৭ বছর আগে বাংলাদেশের শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বাংলা ভাষা এখনো অবহেলিত।

যুক্তরাষ্ট্রের ১৪৯টি আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো যুক্ত হয়নি বাংলায় লেখা ‘স্বাগতম’। এসব বিমানবন্দরের বহির্গমন পথের স্বাগত কেন্দ্রে বিশ্বের প্রায় ১০০টি ভাষায় ইংরেজি ‘Welcome’ শব্দের অনুবাদ প্রদর্শিত হলেও সেখানে ব্রাত্য রয়ে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ার সংগ্রামগাথা বাংলা ভাষা। প্রবাসীদের মতে, বিষয়টি যেমন ভাষার প্রতি অবজ্ঞা, তেমনি বাংলাদেশিদের জন্য লজ্জাজনক। এ জন্য তারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতাকে দায়ী করেছেন।

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) এবং আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসনসহ প্রধান প্রধান বিমানবন্দরগুলোতে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সেখানে ওয়েলকাম সেন্টারে বাংলা ভাষার কোনো চিহ্ন নেই। শুধু এই দুটি নয়; শিকাগো ও'হারে, বোস্টন লোগান, ওয়াশিংটন ডুলস এবং মিয়ামিসহ গুরুত্বপূর্ণ সব বিমানবন্দরেই গত দুই দশকে বাংলার কোনো স্থান হয়নি। অথচ অনেক ভাষা একাধিকবার ব্যবহৃত হয়েছে।

এ বিষয়ে নিআর্ক লিবার্টি বিমানবন্দরের ওয়েলকাম সেন্টারের সুপারভাইজার মিস প্যাগি জানান, প্রায় ১০ বছর আগে বিভিন্ন ভাষায় লেখা এই বোর্ডগুলো স্থাপন করা হয়েছে। বাংলা কেন নেই— এমন প্রশ্নে তিনি জানান, জায়গার সংকুলানের কারণে অনেক ভাষাই বাদ পড়েছে। বাংলা যে ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ হিসেবে স্বীকৃত, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান এবং এ বিষয়ে বিমানবন্দর ম্যানেজারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রফিক, জব্বার, সালাম, বরকতসহ অনেকের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের ভাষা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে সারা বিশ্বে এটি পালিত হচ্ছে। ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।

বর্তমানে বিশ্বে প্রায় ২৫ কোটি মানুষ বাংলায় কথা বলে। এই বিশাল জনগোষ্ঠীর ভাষা হওয়া সত্ত্বেও মার্কিন বিমানবন্দরগুলোতে এর অনুপস্থিতি হতাশাজনক। তবে আশার কথা হলো, গত কয়েকটি নির্বাচনে যুক্তরাষ্ট্রের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার দেখা গেছে। বিশেষ করে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও ক্যালিফোর্নিয়ার অনেক কেন্দ্রে বাংলা দোভাষী ও দিকনির্দেশনা ছিল।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে জাতীয়ভাবে পালনের জন্য মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেস মেং এবং জোসেফ ক্রাউলি বিল উত্থাপন করেছেন। বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে এই দিবসের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রক্রিয়াটি অধিক ব্যয়ের কারণে বর্তমানে স্থবির হয়ে আছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর