Logo

প্রবাস

দেশে পৌঁছেছে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৫:২৯

দেশে পৌঁছেছে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসেছে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

এর আগে, একটি ফিউনারেল হোম মরদেহটি গ্রহণ করে ও ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে দুবাই হয়ে ফ্লাইটে পাঠানো হবে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বেলা দুইটার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে জামিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। 

জামিলকে সর্বশেষ দেখা যায় একটি অফ-ক্যাম্পাস আবাসিক কমপ্লেক্সে, যেখানে তিনি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিশাম আবুগারবিয়েহ (২৬) ও আরেক রুমমেটের সঙ্গে থাকতেন। অন্যদিকে ফ্লোরিডায় আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রসিকিউটরদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, জামিলের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল ও তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। পরে ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়, যা পরে বৃষ্টির বলে নিশ্চিত করা হয়েছে।

ঘটনার কয়েক দিন পর সন্দেহভাজন হিশাম আবুগারবিয়েহকে তার বাবা-মায়ের বাসা থেকে একটি সোয়াট টিম গ্রেপ্তার করে। আদালত তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছেন।

টাম্পায় সংক্ষিপ্ত শুনানিতে হিলসবরো কাউন্টির বিচারক লোগান মারফি নির্দেশ দেন, আবুগারবিয়েহ কোনো সাক্ষী বা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। 

আদালতের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে প্রথম ডিগ্রির দুটি হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে, যদিও প্রসিকিউটররা এখনো চূড়ান্তভাবে মৃত্যুদণ্ড চাইবেন কি না তা জানাননি।

নিহত জামিল আহমেদ লিমনের জানাজা গত ৩০ এপ্রিল টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন