Logo

ফিচার

ত্যাগের আলোয় গড়া সফল মা নাসিমা নাসরিন

Icon

ফারজানা বিনতে হোসেন অন্যা

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৫৮

ত্যাগের আলোয় গড়া সফল মা নাসিমা নাসরিন

নাসিমা নাসরিন ও তার সন্তানেরা, ছবি: সংগৃহীত

নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন গড়ার নামই যেন মা। সেই সত্যের এক জীবন্ত উদাহরণ নাসিমা নাসরিন— একজন সংগ্রামী মা; যিনি অবিচল সাহস, ধৈর্য আর অগাধ ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন তার দুই সন্তানের ভবিষ্যৎ।

অভাব-অনটনে ঘেরা সংসার। প্রতিদিনের হিসাব মেলানোই ছিল বড় চ্যালেঞ্জ। তবু সন্তানের পড়াশোনার ব্যাপারে কখনো আপস করেননি তিনি। মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে একসময় নিজের প্রিয় সোনার গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছে। সেই গয়না ছিল তার জীবনের স্মৃতি, ভালোবাসা— তবু সন্তানের ভবিষ্যতের কাছে সবকিছুই তুচ্ছ হয়ে যায় তার কাছে।

মায়ের সেই ত্যাগ আর অনুপ্রেরণায় মেয়ে অন্যা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে। এরপর ধাপে ধাপে এগিয়ে গিয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করে এবং বর্তমানে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। 

অন্যদিকে, ছেলে অতনুও উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজের পথে এগিয়ে যাচ্ছেন।

এই দীর্ঘ পথচলায় নাসিমা নাসরিনকে পাড়ি দিতে হয়েছে অসংখ্য বাধা। সংসারের চাপ, আর্থিক সংকট, সমাজের কটু কথা—সবকিছুই ছিল তার নিত্যসঙ্গী। আমাদের এই অবস্থানে নিয়ে আসতে গিয়ে তিনি অনেক সময় নিজের সম্মানও বিসর্জন দিয়েছেন, তবু কখনো পিছু হটেননি। কারণ তার কাছে সবার আগে ছিল তার সন্তানদের স্বপ্ন ও ভবিষ্যৎ—নিজের সব শখ-আহ্লাদ তিনি ত্যাগ করেছেন তাদের জন্য।

আজ তিনি গর্ব করে বলেন— তিনি সফল। কারণ তার দুই সন্তানই গ্র্যাজুয়েট, নিজেদের পায়ে দাঁড়ানোর পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

অসংখ্য দুঃখ-কষ্ট আর ত্যাগের আগুন পেরিয়ে আজ নাসিমা নাসরিন শুধু একজন মা নন—তিনি এক অনুপ্রেরণার নাম, এক অদম্য নারীর প্রতিচ্ছবি।

মায়ের ত্যাগ কখনো হারিয়ে যায় না—সন্তানের সাফল্যের মাঝেই তার প্রতিফলন ঘটে। সন্তানের স্বপ্ন পূরণেই যার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি— তিনি নাসিমা নাসরিন।

লেখক: সাংবাদিক। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন