Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ২৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ২৩

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সাতজন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে চারজন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুইজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা বেশি, প্রায় ৬৪ শতাংশ; আর নারী আক্রান্ত হয়েছেন ৩৬ শতাংশ। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে।

সুস্থতার হার পর্যালোচনায় দেখা গেছে, এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৩০ জন।

বিগত দুই বছরের তুলনায় এবারের ডেঙ্গু পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যায়, ২০২৫ সালে দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়েছিলেন এবং ৪১৩ জন মারা যান। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, তবে প্রাণহানি ছিল অনেক বেশি— মোট ৫৭৫ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারির এই সময়ে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কম থাকে, তবে ব্যক্তিগত সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর