Logo

স্বাস্থ্য

সাধারণ অভ্যাসই বাড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি: এখনই সতর্ক হবেন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৮:২৪

সাধারণ অভ্যাসই বাড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি: এখনই সতর্ক হবেন

হার্ট অ্যাটাকের সমস্যা হয় বয়সকালে, এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে বার বার। বাইরে থেকে তরতাজা দেখায় এমন সব তরুণের আচমকা হার্ট অ্যাটাকে প্রাণ যাচ্ছে। হার্টের অসুখ এখন হচ্ছে কমবয়সীদেরও, এ নিয়েই উদ্বিগ্ন চিকিৎসকমহল।

হার্টের অসুখের জন্য ভুল ডায়েট, ধূমপানের দিকেই আঙুল ওঠে। তবে অতি সাধারণ এক অভ্যাসও হৃদরোগের ঝুঁকির কারণ হতে পারে। কী সেই অভ্যাস, কী ভাবে তা থেকে নিজেকে মুক্ত করবেন?

কিন্তু কেন অল্প বয়সেও হৃদরোগের প্রবণতা বাড়ছে, তা নিয়েও তৈরি হচ্ছে প্রশ্ন। ধূমপান, মদ্যপান, অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভ্যাসকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। তা ছাড়া, এই সবের ফলে বাড়তে থাকা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবিটিসও নিশ্চিতভাবেই হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

তবে শুধু চেনা কারণ নয়, রোজ সাধারণ অভ্যাসই হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে পারে, বলছেন ক্যালিফোর্নিয়া নিবাসী চিকিৎসক। হার্ট ভালো রাখতে সঠিক ডায়েট, ধূমপান ছাড়ার দিকে মনোনিবেশ করেন অনেকে, তবে চোখের আড়ালে থেকে যায় একটি সাধারণ অভ্যাস। তা হলো একটানা একই ভাবে বসে থাকা, কায়িক শ্রমহীন যাপন।

বর্তমানে কাজের ধরনে বদল এসেছে। বহু পেশাতেই ঘণ্টার পর ঘণ্টা টানা বসে কাজ করতে হয়। মাথা ঘামিয়ে কাজ করতে হলেও, বহু পেশাতেই কায়িক শ্রম তেমন থাকে না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণা বলছে, দীর্ঘক্ষণ বসে থাকা, শরীরচর্চার অভাব হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

চিকিৎসকের পর্যবেক্ষণ, অনেকেই শরীরচর্চা দূরের কথা, নিয়মিত হাঁটাহাটিও করেন না। তার ওপর দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকাতেই বিপদ আরও বাড়ে। কারণ, একটানা বসে থাকলে অঙ্গ সঞ্চালন হয় না, শরীরে রক্ত সরবরাহ কমে যায়। তার ফলেই রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে, হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হয়, যা হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দেয়।

শরীরচর্চা জরুরি কেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্টে প্রকাশ, যে সব মানুষ একেবারেই শরীরচর্চা করেন না, তাঁদের রোগাক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি অন্তত ২০-৩০ শতাংশ বেড়ে যায়। কায়িক শ্রম না করার ফলে ওজন বাড়তে থাকে। স্থূলত্ব, হাইপারটেনশন হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন