আদ-দ্বীনের রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৫১
ছবি: সংগৃহীত
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এ অবস্থায় হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ছয়টি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।
এ নির্দেশনা ঢাকার ছয়টি হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
এর আগে, ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অধিদপ্তর।
আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে লাইসেন্স বাতিলের বিপরীতে আপিল করতে পারবে আদ-দ্বীন কর্তৃপক্ষ। আগামী এক মাসের মধ্যে এ আপিল করা যাবে। অবশ্য আদ-দ্বীনের আইনজীবী শিশির মনির জানিয়েছেন রোববার (১৪ জুন) আপিল করা হবে।
বাংলাদেশের খবর/আরইউ

