Logo

স্বাস্থ্য

সেবা পাবেন প্রায় ১৭০ রোগী

রাজধানীতে পাঁচ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২০:০৩

রাজধানীতে পাঁচ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যের বিশেষ অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। ‘নতুন হাসির অঙ্গীকারে’ শিরোনামের এই উদ্যোগের আওতায় প্রায় ১৭০ জন রোগীর অস্ত্রোপচার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) শুরু হওয়া এই বিশেষ চিকিৎসা কার্যক্রম আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে। স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারি কর্মচারী হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি সরকারের নাগরিক অঙ্গীকার। তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে আসবে। পাশাপাশি মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তিনি আরও বলেন, সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোকে একটি সমন্বিত রেফারেল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, যা ই-হেলথ কার্ডের মাধ্যমে পরিচালিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, সরকারি কর্মচারী হাসপাতালকে ধাপে ধাপে একটি স্বয়ংসম্পূর্ণ বিশ্বমানের হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নতুন ভবন নির্মাণ এবং ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসপাতালে দক্ষ অধ্যাপক পর্যায়ের চিকিৎসক পদায়নেরও আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার শিশু এ ধরনের জন্মগত সমস্যার সম্মুখীন হয়।

তিনি বলেন, একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখের পরিবর্তন নয়, বরং একটি মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। রাষ্ট্রের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ দিয়ে নয়, বরং সবচেয়ে দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত অর্থে প্রতিফলিত হয়। বর্তমান সরকারের এই উদ্যোগ সেই মানবিক রাষ্ট্রচিন্তারই বহিঃপ্রকাশ।

উপদেষ্টা আরও জানান, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে ৪৯ হাজার ৩৮৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি চিকিৎসকদের দক্ষতার পাশাপাশি রোগীদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এবারের চিকিৎসা মিশনে বিশ্বের ৮টি দেশ থেকে প্রায় ৩০ জন বিশেষজ্ঞ সার্জন, অ্যানেসথেসিওলজিস্ট, থেরাপিস্ট ও স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন। এর আগে গত বছরের একই কর্মসূচিতে ৭৬টি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন