Logo

স্বাস্থ্য

হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ৫ জনের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ২০:৩৪

অ
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ৫ জনের

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে প্রাণ গেছে পাঁচ জনের।

বৃহস্পতিবার (৮ েঅক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৪০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। মোট ১ হাজার ৪২৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের।

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু: দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু এবং এক হাজার ৯৩৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অক্টোবর মাসের আটদিনেই প্রাণ গেছে ৪৯ জনের।

এর আগে গত সেপ্টেম্বর মাসে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় হাসপাতালে; প্রাণ যায় ১৪৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২৩৩ জন।

দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৮২ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৮০ জন, খুলনায় ২৯২ জন, ময়মনসিংহে ৯৩, রাজশাহী ২০৬, রংপুরে ৬৪ এবং সিলেটে ১৫ জন ভর্তি হয়েছেন।

তথ্য অনুসারে, এই ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৫৭ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জন। তাদের মধ্যে ৮৮ হাজার ২০৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন