ছবি : সংগৃহীত।
গাজার উত্তরাঞ্চলে পুরো সপ্তাহ জুড়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এসব হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজার জাবালিয়া এলাকায় ৫০ জনের বেশি শিশুকে হত্যা করা হয়েছে।
এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থারটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ওই বিবৃতিতে ভয়াবহ এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
জাবালিয়া এলাকায় ইউনিসেফের কর্মীরা পোলিও টিকাদান কর্মসূচি চালানোর সময় শনিবার (১ নভেম্বর) হামলা চালানোর তথ্য পেয়েছেন জানিয়ে রাসেল বলেন, ‘সন্দেহজনক ইসরায়েলি কোয়াডকপ্টার জাবালিয়াতে হামলা চালিয়েছে।’
ক্যাথেরিন রাসেল বলেন, ‘পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গতকাল সকালের ওই হামলায় ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত কোনো কর্মী আহত হননি।’ এ ঘটনা তাকে গভীরভাবে আহত করেছে বলে জানান তিনি।
রাসেল আরও বলেন, ‘জাবালিয়া, গাজায় বেসামরিক লোকদের ওপর যে নির্বিচারে হামলা চলছে, তার উদাহরণ হলো, পোলিও টিকাদানকেন্দ্র, ইউনিসেফের কর্মীদের ওপর হামলার ঘটনা।’
এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, পোলিও টিকাকেন্দ্রে চালানো ইসরায়েলের এই হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা।
এসবি

