Logo

আন্তর্জাতিক

হামাসকে জিম্মি মুক্তির নির্দেশ দিলেন ট্রাম্প

Icon

বাসস

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০

অ
হামাসকে জিম্মি মুক্তির নির্দেশ দিলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

শপথ নেওয়ার আগেই গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি চান বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ ডিসেম্বর) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে।’  

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা ১ হাজার ২০৮ জনকে হত্যা করে। এছাড়া দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে কিছু মানুষ মুক্তি পেলেও এখনও হামাসের হাতে বন্দি আছে ১০০ এরও বেশি জিম্মি। 

হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী-শিশুসহ প্রায় ৪৪ হাজার ৫০০ বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। 

এদিকে মার্কিন সিনেটর এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গাজায় জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এই ব্যাপারে সুরাহা হয়।’

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন