হুতিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করল কানাডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১১
ছবি : সংগৃহীত
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে কানাডা। সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেবলাঙ্ক।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবৃতি অনুযায়ী, এই সিদ্ধান্তটি কানাডার পররাষ্ট্র নীতির অংশ, যার লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করে এমন গোষ্ঠীর প্রভাবকে রোধ করা। ইয়েমেনের বৃহৎ অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের বিরুদ্ধে এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রয়োগের জন্য সহিংসতা এবং অন্যান্য উপায় ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। যা এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির পেছনে দায়ী।
প্রসঙ্গত, ইরান-সমর্থিত গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত। ২০০০ সালের গোড়ার দিকে ইয়েমেনে এটি গড়ে উঠে।
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের একাধিক বাণিজ্যিক ও নৌ জাহাজ আক্রমণ করে আসছে হুতি। এসব হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এর আগে কানাডা লোহিত সাগরে হামলার প্রতিক্রিয়ায় এই বছরের শুরুতে হুতিদের বিরুদ্ধে ব্রিটিশ এবং আমেরিকান হামলাকে সমর্থন করে।
হুতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র । চলতি বছরের জানুয়ারিতে আনসারুল্লাহ তথা হুতিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র।
এসবি

