Logo

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পটভূমি এখনও তৈরি হয়নি : ক্রেমলিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

অ
ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পটভূমি এখনও তৈরি হয়নি : ক্রেমলিন

ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের ইতি কীভাবে টানা যায় সে বিষয়ে আলোচনার কোনো পটভূমি তৈরি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার তোড়জোড়ের মধ্যে বুধবার (৪ ডিসেম্বর) একথা জানিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। 

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জানান, অনেক দেশ তাদের আঞ্চলিক নিরাপত্তা দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে। আমরা এসব দেশের জন্য কৃতজ্ঞ, যার মধ্যে কাতারও রয়েছে। 

প্রসঙ্গত, কাতার যুদ্ধের শুরু থেকে রাশিয়া থেকে ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার বিষয়টি মধ্যস্থতা করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ আক্রমণ শুরুর পর থেকে এই যুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। 

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) কিয়েভ ঘোষণা করেছে, তারা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো সদস্যপদ ছাড়া কোনো সমাধানে যাবে না, এবং তারা তাদের ভূখণ্ডে কোনো আপস করবে না।

এদিকে সোমবার (২ ডিসেম্বর) রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো বলেন, ‘২০২৫ সালে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করা হতে পারে।’

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি আলোচনা করার জন্য প্রস্তুত এবং তিনি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের রেখা স্থির করতে রাজি হতে পারেন।

রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সম্প্রতি তারা যুদ্ধের শুরু থেকে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। 

তবে ক্রেমলিন বারবার বলেছে, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবে না, যতক্ষণ না ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং রুশ বাহিনীর দ্বারা দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন