Logo

আন্তর্জাতিক

যেমন হতে পারে ট্রাম্পের পররাষ্ট্রনীতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭

অ
যেমন হতে পারে ট্রাম্পের পররাষ্ট্রনীতি

ডোনাল্ড ট্রাম্প | ছবি : সংগৃহীত

প্রথমবার ক্ষমতায় এসে আন্তর্জাতিক পর্যায়ে নানা পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন আলোচনা- ২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর কেমন হতে পারে তার পররাষ্ট্রনীতি?

‘অ্যামেরিকা ফার্স্ট নীতি’
নির্বাচনী প্রচারণাজুড়ে ট্রাম্প বার বার যে কথাটি বলেছেন, তা হলো, ক্ষমতায় গেলে তার দল ‘অ্যামেরিকা ফার্স্ট নীতি’ মেনে চলবে। অর্থাৎ সবকিছুর ওপরে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেবেন। তবে এমন অবস্থা ধরে রাখতে আন্তর্জাতিক পরিমণ্ডলে, অর্থাৎ আটলান্টিকের অপর পাড়ে সম্পর্কের নতুন নীতিও প্রণয়ন করতে হবে। 

দেশের বাইরে কম মনোযোগ!
‘অ্যামেরিকা ফার্স্ট নীতি’ বাস্তবায়ন করতে গিয়ে দেশের অভ্যন্তরে বেশি মনোযোগী হয়ে উঠতে পারে ট্রাম্প প্রশাসন। নির্বাচনী প্রচারণায় তার ভাইস প্রেসিডেন্ট (নির্বাচিত) জেডি ভ্যান্স এমন মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের উচিৎ হবে দেশের বাইরে নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনা। 

‘চীন ঠেকাও নীতি’
গত কয়েক বছর ধরেই চীনকে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে আসছে। নির্বাচনে জয়ী হওয়ার আগেই অবশ্য চীন বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, চীনা পণ্যে ৬০ ভাগ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন তিনি। চীনকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে এমন বাণিজ্য নীতি নিয়েই সামনে এগিয়ে যাবেন ট্রাম্প, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। 

কমে আসতে পারে ইউক্রেনকে সহযোগিতা
নির্বাচনের আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘কোনো কিছু ফেরত পাওয়ার আশা ছাড়া আমাদের কাউকে টাকা দেওয়া উচিৎ নয়’ তার এমন মন্তব্যে অবশ্য বোঝা যায়, ইউক্রেনে সহযোগিতা সামনের দিনগুলোতে কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারে ট্রাম্প প্রশাসন। 

ইসরায়েলের প্রতি সমর্থ চালিয়ে যাওয়া
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা, ইরান-ইসরায়েলের যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি- এমন ঘটনাপ্রবাহের সময়ে নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে বিভিন্ন সময়ে ট্রাম্পের দেওয়া বক্তব্যে অনেকটাই ইঙ্গিত মেলে যে, ইসরায়েলের প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন অব্যাহত থাকতে পারে। গাজায় ইসরায়েলেরর সামরিক অভিযান নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল, নেতানিয়াহু সঠিক কাজটিই করছেন। 

ইরানের বিষয়ে কঠোর হবেন ট্রাম্প?
ট্রাম্প মনে করেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দূরে রাখতে পারবেন। আর এজন্য তিনি ইরানের অর্থনীতির ওপর আঘাত হানতে চান। অক্টোবরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রম্প জানান, তার আমলে কেউ ইরানের কাছ থেকে তেল কেনেনি। কিন্তু এখন (বাইডেনের আমলে) তেল বিক্রি বাবদ ইরানের ৩০০ বিলিয়ন ডলার রয়েছে।

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক
যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী দেশ- মেক্সিকো এবং কানাডার সঙ্গে কেমন হবে ট্রাম্পের নীতি? এরই মধ্যে এই বিষয়ে শুরু হয়েছে আলোচনা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন। সিএনএন জানায়, প্রতিবেশী এই দুই দেশের আমদানির ওপর ২৫ ভাগ শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন।

অভিবাসন নীতি
নির্বাচনী প্রচারণার সময়ই অভিবাসন নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা এক কোটির বেশি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জেডি ভ্যান্স বলেন, প্রথম বছরে ১০ লাখ অনিয়মিত অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে পারে ট্রাম্প প্রশাসন। 

ডলারের আধিপত্য ধরে রাখার পদক্ষেপ
ডলারের বিকল্প হিসেবে কোনো মুদ্রা দাঁড় করানো হলে সেসব দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে, তারা নতুন একটি ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না, যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে।’

ন্যাটো ও ইউরোপ
আগেরবার ক্ষমতায় এসে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ন্যাটোতে চাঁদা বাড়ানোর দাবি তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। জার্মানির বাটেলসম্যান ফাউন্ডেশনের এক গবেষণা বলছে, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যেতে পারেন কিংবা এমন সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলে ইউরোপের সামরিক বাজেট বাড়াতে হবে। তাছাড়া বাণিজ্য নীতির অংশ হিসেবে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দিতে পারে ট্রাম্প প্রশাসন।

জলবায়ু
ড্রিল বেবি ড্রিল! এটি হলো জ্বালানি বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের শ্লোগান। জীবাশ্ম জ্বালানির উত্তোলনের ক্ষেত্রে এমন মন্তব্য ট্রাম্পের। অর্থাৎ যত বেশি পরিমাণে সম্ভব তেল-গ্যাস উত্তোলন করো। এমন নীতির বাস্তবায়ন হলে বিশ্বের পরিবেশ আন্দোলন গতি হারাতে পারে। তাছাড়া অনেক বিশ্লেষকের আশঙ্কা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে আবারও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে পারেন ট্রাম্প। 

‘মানবাধিকারের জন্য হুমকি’
বিশ্বজুড়েই মানবাধিকর নিয়ে সরব থাকা যুক্তরাষ্ট্র ট্রাম্পের আমলে কী ধরনের নীতি হাতে নেবে, তা বলা মুশকিল। তবে প্রথম মেয়াদে ট্রাম্পের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্র এবং বিশ্বে মানবাধিকারের জন্য হুমকি।

সূত্র : ডয়চে ভেলে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন