বাশার আল-আসাদ /ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার দুই সিনিয়র সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, বাশার বিমানে করে দামেস্ক ছেড়েছেন। তার গন্তব্য অজানা।
সিরিয়ার বিদ্রোহীরা রোববার বলেছে, তারা কোনো বাধা ছাড়াই রাজধানী দামেস্কে প্রবেশ করেছে।
এদিকে, হাজার হাজার মানুষ দামেস্কের একটি প্রধান চত্বরে জড়ো হয়ে ‘স্বাধীন’ স্লোগান দিচ্ছেন।
এসওএইচআর ওয়ার মনিটর বলেছে, দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমান সম্ভবত আসাদকে বহন করেছিল।
দামেস্কের কেন্দ্রে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। রোববার স্থানীয় দুই বাসিন্দা বলেছেন, যদিও তাৎক্ষণিকভাবে গুলি চালানোর উৎস কী তা স্পষ্ট নয়।
বিদ্রোহীরা বলেছে, সেডনায়া কারাগার থেকে আমাদের বন্দীদের মুক্ত ও তাদের শিকল ভাঙতে এসেছি। সিরিয়ার জনগণের অবিচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি।
সেডনায়া হলো দামেস্কের উপকণ্ঠে অবস্থিত একটি বড় সামরিক কারাগার। যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বন্দীকে আটক করে রেখেছে।
কয়েক ঘন্টা আগে বিদ্রোহীরা ঘোষণা করেছিল, মাত্র একদিনের লড়াইয়ে হোমস শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। হোমস থেকে সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসে, ‘আসাদ চলে গেছে, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক’ এবং ‘বাশার আল-আসাদের পতন হোক’ বলে স্লোগান দেয়।
ইসলামপন্থী গোষ্ঠী তাহরির আল-শাম (এইচটিএস) গত ৩০ নভেম্বর আক্রমণ শুরু করে। এরপর থেকে তারা সিরিয়ার প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।
গত ৩০ নভেম্বর অভিযান শুরুর পর থেকে ইতোমধ্যে হোমস, দেইর আল জোর, হামা ও আলেপ্পো নিয়ন্ত্রণ চলে গেছে তাদের হাতে। সিরিয়া দখলের অভিযানে নামা এই বিদ্রোহীরা মূলত সিরিয়ার বিভিন্ন সুন্নিপন্থি স্বশস্ত্রগোষ্ঠীর সদস্য ও যোদ্ধা। বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।
হায়াত তাহরির-আল-শাম পুরোনো একটি দল। এটি ২০১১ সালে জাবহাত আল-নুসরা নামে আত্মপ্রকাশ করেছিল। দলটির সঙ্গে আল কায়েদার সরাসরি সংযোগ ছিল। পরবর্তীতে ২০১৬ সালে তারা নাম পরিবর্তন করে। জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি এই দলটি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
২০১১ সালে আল কায়দা, ইসলামিক স্টেটসহ সিরিয়ার বিভিন্ন জঙ্গিগোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের এ যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল বাশারকে ক্ষমতা থেকে উৎখাত করা।
গৃহযুদ্ধের এক পর্যায়ে সিরিয়া এবং সীমান্তবর্তী অপর দেশ ইরাকের বিশাল এলাকা জুড়ে নিজেদের রাজ্যও গঠন করে আইএস। সিরিয়ার রাক্কা শহর ছিল সেই রাজ্যের রাজধানী।
বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীগুলো অবশ্য বিশেষ সুবিধা করতে পারেনি। কারণ সে সময় বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে এসেছিল রাশিয়া, ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। মূলত এই তিন মিত্রশক্তির ওপর ভর দিয়েই ২০২১ সালে বিদ্রোহী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন আসাদ।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউনাইটেড নেশন্স হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, সিরিয়ায় ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৫ হাজারেরও বেশি সংখ্যক মানুষ।
ওএফ

