Logo

আন্তর্জাতিক

‘বাইডেনের সময় খুব খারাপ গেছে, ট্রাম্প এলে হয়তো সব শেষ’

মার্কিন নির্বাচন নিয়ে গাজার বাসিন্দারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:০১

অ
‘বাইডেনের সময় খুব খারাপ গেছে, ট্রাম্প এলে হয়তো সব শেষ’

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার (৫ নভেম্বর) । রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিকের কমলা হ্যারিসের মধ্যে কে যাচ্ছেন হোয়াইট হাউসে, জানা যাবে শিগগির।

আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজার মানুষেরা মার্কিন নির্বাচন নিয়ে কী ভাবছেন? কে প্রেসিডেন্ট হলে তাদের জন্য ভালো হবে– কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প?

মঙ্গলবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গাজার বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

জাবালিয়া অধিবাসী আম্মার জুদেহ মনে করেন, ট্রাম্প গাজার জন্য একটি দুর্যোগ ছিল।

তিনি বলেন, ‘যদি ট্রাম্প জয় লাভ করেন, তাহলে আমাদের জন্য আরো বিপর্যয় নেমে আসবে। ট্রাম্পের শাসন ফিলিস্তিনিদের জন্য একেবারে দুর্ভোগের সময় ছিল। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সেই সাথে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করেছিলেন।’

জুদেহ বলেন, যদি ট্রাম্প পুনরায় শাসনভার নেন, ‘আমাদেরকে সিনাই উপদ্বীপে (মিশরে) সরিয়ে নেওয়া হবে। ইসরায়েল ইতোমধ্যেই ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আমাদের উত্তর গাজা থেকে সরিয়ে দেওয়ার বেশিরভাগ পরিকল্পনা কার্যকর করেছে। যদি ট্রাম্প আবার আসেন, তিনি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনও আটকে আছি – কাজ নেই, পানি নেই, নিরাপদ স্থান নেই, খাবার নেই। আমাদের দুঃখ অনেক গভীর।’ 

গাজা সিটির বাসিন্দা তাহানি আরাফাত বলেন, কোনো আশা দেখতে পাচ্ছি না। যেহেতু বর্তমানে আলোচনা চলছে শুধু লেবানন সংঘাতের বিষয়ে, যেন আমাদের কোনো অস্তিত্ব নেই। তবে আমি আশা করি, ট্রাম্প যুদ্ধ থামাতে পারেন বা দ্রুত সমাধান বের করতে পারেন।

তিনি বলেন, বাইডেনের সময়ে সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র চাইলে আরও আগেই যুদ্ধ বন্ধ করতে পারত। আমরা যখন যুদ্ধ-ধ্বংস সহ্য করছি, ইসরায়েল তখন ব্যাপক সামরিক সমর্থন পাচ্ছে। ডেমোক্রেটরা শান্তির কথা বলে কিন্তু তাদের ভেতর ফাঁকা। বাইডেনের সময় আমাদের জন্য খুবই খারাপ গেছে, হয়তো ট্রাম্প এলে হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। মূলত কোনো আমেরিকান প্রেসিডেন্ট আমাদের পাশে দাঁড়াবে না।’

শাতি শরণার্থী শিবিরের ইমাদ আল-দায়াহ বলেন, আমাদের সবচেয়ে বড় আশা এই যুদ্ধের অবসান ঘটবে। আমেরিকান জনগণের উদ্দেশ্যে আমি বলব, অবিলম্বে যুদ্ধ বন্ধের বিষয়ে সহযোগিতা করুন। নির্বাচনে কে জিতল সেটা বড় কথা না।

তিনি বলেন, ট্রাম্পের মেয়াদ আমাদের জন্য খুবই খারাপ ছিল। আশা করি, তিনি আর ফিরে আসবে না। কারণ তিনি শুধু ইসরায়েলের দাবি পূরণ করবেন।

তিনি আরও বলেন, এটা দুঃখজনক গাজায় বছরব্যাপী চলমান গণহত্যা বন্ধের বিষয়টি রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভর করে। বিশ্ববাসী আমাদের দুর্ভোগ দেখেন না। কিন্তু প্রতিদিন রক্ত, কান্না আর শোকে পরিপূর্ণ। এই সত্য প্রত্যেকের মনে রাখা উচিত। 

এসবি/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন