Logo

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন

ভোট গণনা ও চূড়ান্ত ফলাফলের নিয়ম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২১

অ
ভোট গণনা ও চূড়ান্ত ফলাফলের নিয়ম

ছবি : সংগৃহীত।

মার্কিন নির্বাচনের মহারণ আজ। শেষ দিন পর্যন্ত দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস দিয়ে এসেছেন বিশ্লেষকরা। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিকের কমলা হ্যারিসের মধ্যে কে যাচ্ছেন হোয়াইট হাউসে, জানা যাবে শিগগির।

আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। তবে ঐতিহাসিকভাবে, যেসব মার্কিন নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম ছিল, সেগুলোর চূড়ান্ত ফলাফল আসতে কয়েকদিন সময় লেগেছে।

কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি গণতন্ত্র বা সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে হয় না। ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে ৫০টি মার্কিন অঙ্গরাজ্য থেকে ৫৩৮ জন ইলেক্টর নির্বাচিত হন। তারাই নির্ধারণ করেন প্রেসিডেন্ট কে হবেন।

ইলেক্টোরাল কলেজ অনুযায়ী, প্রতিটি অঙ্গরাজ্যে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি বা 'ইলেক্টর' থাকেন। প্রতিটি রাজ্যকে জনসংখ্যার ভিত্তিতে দেওয়া হয় এই ইলেক্টর। ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা সবচেয়ে বেশি, তাই সেখানে সর্বোচ্চ ৫৪ জন ইলেক্টর। ভারমন্টে সবচেয়ে কম, মাত্র তিন জন।

মেইন আর নেব্রাস্কা ছাড়া বাকি রাজ্যগুলোতে 'উইনার টেকস অল' নিয়মে ইলেক্টোরাল ভোট নির্ধারিত হয়। অর্থাৎ, একটি রাজ্যে যেই প্রেসিডেন্ট প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তার ভাগেই যাবে সেই রাজ্যের সবকটি ইলেক্টোরাল ভোট।

নির্বাচনে জিততে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।

দুই প্রার্থীর মধ্যে ব্যবধান বেশি থাকলে নির্বাচনের দিন রাতেই একজন প্রার্থী ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত করে ফেলেন। যে কারণে সব রাজ্যের গণনা শেষ হওয়ার আগেই বিজয়ীর নাম জেনে যায় সবাই।

তবে এবারের নির্বাচনে এরকম কিছু হওয়ার সম্ভাবনা অনেক কম বলে দাবি করছেন বিশ্লেষকরা। গণনায় দেরি, এমনকি গণনা নিয়ে আইনি জটিলতাও তৈরি হতে পারে বলে ধারণা করছেন তারা।

যুক্তরাষ্ট্রের একেক অঙ্গরাজ্যের গণনা পদ্ধতি একেকরকম। অনেক অঙ্গরাজ্যে ডাকযোগে আসা ভোট এবং দেশের বাইরের নাগরিকদের ভোট নির্বাচনের আগেই গুণে ফেলেন নির্বাচন কর্মকর্তারা। তবে পেনসিলভেনিয়া ও উইসকনসিনে নির্বাচনের পর গোনা হয় এসব ব্যালট। এই গুরুত্বপূর্ণ দুই দোদুল্যমান অঙ্গরাজ্যের জন্যই ফলাফলে দেরি হতে পারে। এছাড়াও, কোনো অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান বেশি কম থাকলে ভোট পুনর্গণনাও হতে পারে।

মূলত স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ ফলাফল ঘোষণার আগেই মার্কিন সংবাদমাধ্যমগুলো তাদের হিসেব-নিকেশ অনুযায়ী একজনকে বিজয়ী ঘোষণা করে দেয়। তবে এটা আনুষ্ঠানিক কোন প্রক্রিয়া না। প্রতিটি ব্যালটের হিসেব নিয়েই কেবল রাজ্য পর্যায়ে ফলাফল দেওয়া হয়।

ফলাফল জানানোর জন্য অঙ্গরাজ্যগুলোকে ১১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়। এরপর প্রতিটি অঙ্গরাজ্যে নিযুক্ত ইলেক্টররা সেই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকে ভোট দেন।

২৫ ডিসেম্বরের মধ্যে প্রতিটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট গ্রহণ করেন সিনেট প্রধান। সাংবিধানিকভাবে ভাইস প্রেসিডেন্টই সিনেটের নেতৃত্ব দেন। অর্থাৎ, এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত করবেন কমলা নিজে। এরপর ৬ জানুয়ারি কংগ্রেস ইলেকটোরাল ভোট গণনা করে এবং ফলাফল নিশ্চিত করে। ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন নতুন প্রেসিডেন্ট।

এর আগে ২০২০ সালের নির্বাচনেও মঙ্গলবার ভোটগ্রহণ হয়েছিল। কিন্তু বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল শনিবার। তবে এর আগের দুই নির্বাচন, ২০১৬ ও ২০১২ সালে বিজয়ীর নাম জানতে এত সময় লাগেনি। এর পিছনে একটি কারণ, কোভিডকালীন সময়ে হওয়া ২০২০ নির্বাচনে অনেক ভোটার ডাকযোগে ভোট দিয়েছিলেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোট গ্রহণ শুরু হয়ে বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) ভোটগ্রহণ শেষ হবে।

ইতোমধ্যে প্রায় আট কোটি ১০ লাখ মার্কিন নাগরিক আগাম ভোট দিয়েছেন, যা ২০২০ নির্বাচনের মোট ভোটের অর্ধেকেরও বেশি।  

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন