Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০৯

অ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট/ছবি : সংগৃহীত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধকালীন গঠিত মন্ত্রীসভার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন।

বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মঙ্গলবার (৫ নভেম্বের) রাতে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসের ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত অগস্টে গ্যালান্ট বলেছিলেন, গাজায় সামরিক অভিযান চালিয়েও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে কি না, সে বিষয়ে তিনি সন্দিহান। সে সময়ই তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পরে প্রকাশ্যে যুদ্ধবিরতির পক্ষেও মত প্রকাশ করেছিলেন তিনি।

গ্যালান্টের বিরুদ্ধে গাজা যুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। যুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। এ কারণে সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা হারিয়েছে।

নিজের কার্যালয় থেকে প্রকাশিত সংক্ষিপ্ত সেই চিঠিতে নেতানিয়াহু গ্যালান্টকে বলেছেন, এই চিঠি পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আপনার মেয়াদ শেষ হবে।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের (গাজায়) প্রথম মাসগুলোতে বিশ্বাস ছিল এবং খুব ফলপ্রসূ কাজও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, শেষ মাসগুলোতে আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার এই বিশ্বাসে ফাটল ধরে।

ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও তিনি মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

ইসরায়েল কাটজ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিদিয়ন সার।

এদিকে গ্যালান্টকে বরখাস্ত করার প্রতিবাদে ইসরায়েলের তেল আবিব শহরে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারী। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন