Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের জয়ে রেকর্ড উচ্চতায় মার্কিন শেয়ারবাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৭:০৭

অ
ট্রাম্পের জয়ে রেকর্ড উচ্চতায় মার্কিন শেয়ারবাজার

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পের নির্বাচনী জয় ঘোষণার পর একদিনে মার্কিন ডলার ও বিটকয়েনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। সেই সাথে বড় উত্থান ঘটেছে ব্যাংক শেয়ারেও।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্পের জয় ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান তিন সূচকই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ডিজেআই এভারেজ ৩ দশমিক ৫৭ শতাংশ, এসঅ্যান্ডপি ২ দশমিক ৫৩ শতাংশ, এবং নাসডাক কম্পোজিট ২ দশমিক ৯৫ শতাংশ হারে বেড়েছে। এটি গত নভেম্বরের পর ডিজেআই এবং এসঅ্যান্ডপি সূচকের সবচেয়ে বড় উচ্চতা। নাসডাকেরও ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় উত্থান।

ট্রাম্পের জয়কে কেন্দ্র করে শেয়ার বাজারের এই ব্যাপক উত্থানে আশাবাদী বিনিয়োগকারীরা। তারা আশা করছেন, করের হার কমানো এবং নিয়ম-নিষেধ শিথিল করা হবে।

তবে ব্যবসায়ীরা ধারণা করছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কর হ্রাস ও আমদানি শুল্ক বৃদ্ধি করলে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে নীতি সুদহার হ্রাসের গতি কমতে পারে। নীতি সুদহার বাড়তি থাকলে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক সঞ্চয় পরিকল্পনা ও বিনিয়োগ থেকে বেশি মুনাফা পাবেন।

এদিকে কোম্পানির শেয়ারের মূল্যও বেড়েছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ার ৫ দশমিক ৯৪ শতাংশ এবং ইলন মাস্কের টেসলা’র শেয়ার ১৪ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের পূর্বাভাস, ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার সম্ভাব্য প্রতিক্রিয়া ও অন্যান্য অনিশ্চয়তার কারণে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।

এদিকে বুধবার মার্কিন বন্ডের সুদহারও বেড়েছে। তবে নবায়নযোগ্য শক্তির শেয়ারের কিছুটা পতন ঘটেছে।

এছাড়া, গতকাল বিটকয়েনের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির পরাশক্তি বানানোর’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতির কারণে একদিনেই বিটকয়েনের মূল্য ৬ হাজার ৬০০ ডলার বেড়ে ৭৫ হাজার ৯৯৯ ডলারে উঠেছে।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন ইলন মাস্ক। তার এই সমর্থন এবং ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির প্রতি ইতিবাচক মনোভাবের কারণে বিটকয়েনের মূল্যে বড় ধরনের প্রভাব পড়েছে।

এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাইডেন প্রশাসনের বড় ধরনের অমিল দেখা যাচ্ছে। বাইডেন প্রশাসন ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কঠোর অবস্থান নিলেও ট্রাম্প তার উল্টো অবস্থান নিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প আগেও বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়ে যে অপচয় হয়েছে, তার নিরীক্ষার দায়িত্ব দিতে চান তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে। ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন। তার কোম্পানি টেসলা ২০২১ সালে বিটকয়েনে ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছিল।

তবে বাজারের সার্বিক গতিপ্রকৃতি দেখে বিনিয়োগকারীরা মনে করছেন, ট্রাম্পের নতুন সরকার আরও বেশি ঋণ করবে। এই ক্রমবর্ধমান ঋণের সঙ্গে যে ঝুঁকি জড়িয়ে আছে, তার প্রিমিয়াম হিসেবে বিনিয়োগকারীরা অতিরিক্ত সুদ দাবি করছেন।

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর প্রথম মেয়াদেই ডোনাল্ড ট্রাম্প তথাকথিত বাণিজ্যযুদ্ধ শুরু করেন। তখন তার মূল লক্ষ্য ছিল চীন। কিন্তু এবারে তিনি পরিষ্কার করে বলেছেন, নির্বাচিত হলে এই বাণিজ্যযুদ্ধের পরিসর আরও বিস্তৃত হবে। ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে উদ্বেগ বাড়ছেই।

ট্রাম্পের নতুন মেয়াদে কেবল চীন নয়, বরং বিশ্বের সব দেশই তার কঠোর বাণিজ্য নীতির কবলে পড়বে। বিশেষ করে যুক্তরাজ্যসহ ধনী দেশগুলোর ওপর এই প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই বাস্তবতায় ট্রাম্পের সঙ্গে মুক্ত ও অবাধ বাণিজ্য নিয়ে আলোচনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস।

এছাড়া, বৃহস্পতিবার (৭ নভেম্বর) মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত দেবে। ফেডারেলের চেয়ারম্যান জেরোম পাওয়েল কী বলেন, তার দিকে তাকিয়ে থাকবে সারা বিশ্ব।  

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন