জার্মানির ক্ষমতাসীন জোটে ভাঙন, আগাম নির্বাচন হতে পারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:০৩
ছবি : সংগৃহীত।
জার্মানিতে ক্ষমতাসীন ‘ট্রাফিক লাইট’ জোট সরকারের ঐক্য ভেঙে পড়েছে। চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। যা আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি করেছে। এখন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার কেবল তার দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এবং গ্রিন পার্টির উপর নির্ভরশীল।
এদিকে, অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারকে বরখাস্ত করেছেন শলৎস। লিন্ডনারের সঙ্গে ফ্রি ডেমোক্রেটিক পার্টির (এফডিপি) সম্পর্ক ছিন্ন করার পর, শলৎস গ্রিন পার্টির সহায়তায় সংখ্যালঘু সরকার পরিচালনা করবেন। বাজেট পাস করার জন্য তিনি সিডিইউ পার্টির সমর্থনও চেয়েছেন তিনি। ১৫ জানুয়ারি আস্থাভোটের পর, যদি সরকার হেরে যায়, তবে মার্চে আগাম নির্বাচন হতে পারে।
রক্ষণশীল নেতা মেরজ এই বিষয়ে দলের সিদ্ধান্তের কথা জানাবেন। ফলে, আগামী ১৫ জানুয়ারি তিনি আস্থাভোট নেবেন। তারপর মার্চে নির্বাচন হতে পারে আগাম নির্বাচন।
সাংবাদিক সম্মেলনে শলৎস এফডিপি নেতা লিন্ডনারের তীব্র সমালোচনা করে বলেন, ‘খুবই ক্ষুদ্র রাজনৈতিক নীতি নিয়ে চলছিলেন। এটা একেবারেই মেনে নেয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী আমাদের কোনো প্রস্তাব রূপায়ণ করতে রাজি ছিলেন না। আমি দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’
শলৎস জানিয়েছেন, ২০২৫ সালের বাজেটে এক হাজার কোটি ইউরোর ঘাটতির মোকাবিলা করার জন্য একটা পরিকল্পনা অর্থমন্ত্রীকে দিয়েছিলেন। এই পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরেই জোটে ভাঙন ধরল।
গত সপ্তাহে লিন্ডনার একটি নথি প্রকাশ করেন। সেখানে তিনি আর্থিক প্রস্তাবের একটা তালিকা দেন, যা অন্য দলগুলো মানেনি। তার মধ্যে ছিল, জবকল্যাণে খরচ ছাঁটাই করা, পরিবেশ রক্ষার ক্ষেত্রে খরচ ছাঁটাই করা, কম্পানিগুলোর কর কম করার প্রস্তাব কার্যকর করা নিয়ে দলগুলোর মধ্যে মতৈক্য হয়নি।
শলৎসের বক্তব্য, এফডিপি নেতা তার নতুন প্রস্তাব কার্যকর করার কোনো ইচ্ছেপ্রকাশ করেননি। অথচ, ওই প্রস্তাবগুলো ছিল দেশের জন্য জরুরি ও ভালো। দেশের ক্ষতি হোক এটা তিনি চাননি।
শলৎস জানান, তিনি প্রস্তাব দিয়েছিলেন, বিদ্যুতের দাম কমাবার জন্য, কম্পানিগুলোকে সাহায্য করার জন্য, গাড়ি প্রস্তুতকারক কম্পানিতে কর্মরতদের চাকরি বাঁচাতে বাড়তি ঋণ নেয়া হোক। তিনি বিনিয়োগ করার জন্য কম্পানিগুলোকে কর ছাড়ের প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেনকে বাড়তি সাহায্য করার কথা বলেছিলেন।
শলৎস আরও জানান, গ্রিন পার্টির সঙ্গে মিলে সংখ্যালঘু সরকার চালাবেন। আস্থাভোট নেবেন ১৫ জানুয়ারি। আস্থাভোটে হারলে সেক্ষেত্রে মার্চে নির্বাচন হবে। ২০ মিনিট ধরে নিজের কথা বলার পর শলৎস কোনো প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে যান।
বিরোধী অতি-ডানপন্থি এএফডি জানিয়েছে, তারা শলৎসের জোট সরকারে ভাঙনকে স্বাগত জানাচ্ছে। অনেক আগেই এটা হওয়া উচিত ছিল। তাদের হাত থেকে জার্মানির মুক্তি পাওয়া দরকার ছিল। এএফডি নেতাদের অভিযোগ, এই জোট দেশকে আর্থিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। বর্তমান সংকট থেকে দেশকে বের করে আনার জন্য নতুন রাজনৈতিক উদ্যোগ দরকার। এএফডির দাবি, শলৎস অবিলম্বে আস্থাভোট নিন।
জার্মানির সমাজবাদী বামপন্থি দলগুলো তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। বামপন্থি দলগুলো একযোগে ঘোষণা করেছে, তাদের অনুকূলে হাওয়া আছে। শলৎসের জোট দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং অস্থিরতা তৈরি করেছে। তারা তিন বছর ধরে ক্ষমতায় থেকেও দেশ ও মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ।
সূত্র: ডয়চে ভেলে।
এসবি

