ছবি : সংগৃহীত
ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে হুতিদের ‘সামরিক লক্ষ্যবস্তু’তে হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামোসহ হুতিদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
ড্যানিয়েল হাগারি বলেছেন, রাতভর ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং গত ১৪ মাস ধরে বারবার হামলার পর ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামোসহ হুতিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সানা ও বন্দর নগরী হোদেইদাহে 'আক্রমণাত্মক হামলা' চালানো হয়েছে।
আল-মাসিরাহ জানিয়েছে, সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, অন্যদিকে হোদেইদায় বন্দর লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এছাড়া, একটি তেল স্থাপনা লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে।’
ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, হোদেইদাহ লক্ষ্য করে চারটি অভিযান চালানো হয়েছে, যার মধ্যে দুটি রাস ইসা তেল স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে, এতে এর কয়েকজন কর্মচারী নিহত ও আহত হয়েছেন।
এসবি

