ছবি : সংগৃহীত
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি পানশালায় ছড়িয়ে পড়া আগুনে ১১ জন নিহত এবং দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। বোমা হামলায় এই আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে দেশটির পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম হ্যানয়ের বহুতল ভবনের ওই পানশালা আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ জানায়, তারা স্থানীয় সময় রাত ১১ টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনের ভিতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালায়।
উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুনের ভয়াবহতা দেখে কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পায়নি।
হ্যানয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশের ধারণা পানশালাটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’
এসবি

