ট্রাম্পের নির্বাচন ন্যায্য ও স্বচ্ছ : বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৬
জো বাইডেন। ছবি : সংগৃহীত
দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে প্রায় আড়াইশ বছরের ইতিহাসে দেশটিতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের এই জয়কে ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ বলে আখ্যা দিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাইডেন জানান, এক মেয়াদ বিরতির পর দ্বিতীয় চার বছরের মেয়াদে হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের নির্বাচন ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ হয়েছে এবং ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।
রোজ গার্ডেনে হোয়াইট হাউসের কয়েকজন সহযোগীর সাথে কথা বলার সময় বাইডেন বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন এবং তিনি তা মেনে নিয়েছেন।
বাইডেন বলেন, ‘জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন শুধু তখনই দেশকে ভালোবাসবেন তা হয় না। এবং শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।’
তিনি আরও বলেন, ‘আমরা এই লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমরা ঠিক হয়ে যাচ্ছি, তবে আমাদের ব্যস্ত থাকতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। আর সর্বোপরি আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে।’
এদিকে ট্রাম্প তার নতুন হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য দ্রুত অগ্রসর হচ্ছেন। কয়েকদিনের মধ্যেই নাম ঘোষণা করতে পারেন তিনি।
বর্তমানে এ বিষয় নিয়ে সহযোগীদের সঙ্গে সলাপরামর্শ করার জন্য ফ্লোরিডায় তার অবকাশযাপনকেন্দ্র মার-এ-লাগো’তে অবস্থান করছেন ট্রাম্প।
সূত্র : ভয়েস অব আমেরিকা।
এসবি /এমএইচএস

