Logo

আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রশংসা করলেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৩

অ
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রশংসা করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন/ছবি : সংগৃহীত।

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিনন্দনের পাশাপাশি ট্রাম্পের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। সেই সাথে তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া বলেও জানিয়েছেন পুতিন।

শুক্রবার (৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পুতিন। একইসঙ্গে বন্দুকধারী তাকে হত্যা করার চেষ্টা করার সময় সাহস দেখানোর জন্য ট্রাম্পের প্রশংসাও করেছেন তিনি।

পুতিন বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া এই নেতার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, গত জুলাই মাসে পেনসিলভেনিয়ায় প্রচার সমাবেশে বক্তৃতা করার সময় হত্যা চেষ্টার শিকার হওয়ার সময় একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন ট্রাম্প।

সোচির রাশিয়ান ব্ল্যাক সি রিসর্টের ভালদাই ডিসকাশন ক্লাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমার মতে, তিনি খুব সঠিক উপায়ে, সাহসিকতার সঙ্গে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন। নির্বাচনে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানানোর এই সুযোগটি আমি গ্রহণ করছি।’

তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল এবং ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে (যা বলা হয়েছিল), আমার মতে এটি অন্তত মনোযোগের দাবি রাখে।’

টানা আড়াই বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় রশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা করছে কিয়েভ। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করেছেন ট্রাম্প।

নির্বাচনের প্রচারণা চালানোর সময় ট্রাম্প আলোচনার ও চুক্তির মাধ্যমে ‘২৪ ঘণ্টার মধ্যে’ এই সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে সবচেয়ে মারাত্মক এই যুদ্ধের অবসান তিনি ঠিক কীভাবে ঘটাবেন সে সম্পর্কে খুব বেশি জানাননি।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন