Logo

আন্তর্জাতিক

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪০

অ
মালয়েশিয়ান শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা

ছবি : সংগৃহীত।

লেবাননে মালয়েশিয়ান শান্তিরক্ষীদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ হামলা করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের সিডন শহরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে তিনজন লেবানিজ নাগরিক নিহত এবং তিনজন লেবানিজ সৈন্য আহত হয়েছেন। এছাড়া ইউনিফিলের (লেবাননে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী) ছয়জন সেনা আহত হন। তারা মালয়েশিয়ার সেনাবাহিনী সদস্য।

লেবাননের সেনাবাহিনী ও মালয়েশিয়া সরকার পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতি অনুযায়ী, একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়। গাড়িটি তখন চেকপয়েন্ট অতিক্রম করছিল। হামলায় গাড়ির ভেতরে থাকা তিন লেবানিজ নাগরিক নিহত এবং সৈন্যরা আহত হন। লেবাননের ওই সেনারা চেকপয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে ব্যস্ত সড়কে ঘটনাস্থল পার হচ্ছিল শান্তিরক্ষীদের বহনকারী বাসসহ কয়েকটি যান। ইসরায়েলের হামলা থেকে সেগুলোও বাদ যায়নি।

এর আগে লেবানন-ইসরায়েল সীমান্তে একাধিকবার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর স্থাপনায় হামলা হয়েছে। যাতে শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সেনারা আহত হয়েছিলেন। তখন সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই ইসরায়েলি বাহিনীর।

গত অক্টোবর মাসে এ নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জাতিসংঘ তার নিজস্ব কর্মীদেরও রক্ষা করতে পারে না, এটি আন্তর্জাতিক ব্যবস্থার জন্য লজ্জা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছিলেন এরদোগান। এ সময় বিশ্বসংস্থাটিকে তেলআবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

সূত্র : রয়টার্স, আল-জাজিরা, মালয়-মেইল।

এসবি/এমএইচএস 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন