Logo

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৯

অ
দক্ষিণ কোরিয়ায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ১২

ছবি : সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ায় একটি মাছ ধরার নৌকা ডুবে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির জেজু দ্বীপের উপকূলে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদন অনুযায়ী, ডুবে যাওয়া নৌকার কাছাকাছি মাছ ধরার জাহাজগুলো ১৫ জন কর্মীকে পানি থেকে উদ্ধার করতে সক্ষম হলেও দুইজনকে তীরে আনার পর মৃত ঘোষণা করা হয়।

জেজুর উপকূলরক্ষী কর্মকর্তা কিম হান-না বলেন, উদ্ধারকৃত অন্য ১৩ জন নিরাপদে আছেন।

তিনি আরও জানান, ২৭ জন কর্মীর মধ্যে ১৬ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ১১ জন বিদেশি নাগরিক ছিলেন। মাছ ধরার জন্য নৌকাটি বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেজুরের সেওগউইপো বন্দর থেকে ছেড়ে গিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল নিখোঁজ কর্মীদের খুঁজে বের করতে এবং উদ্ধারের জন্য কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী পুলিশ, ফায়ার সার্ভিস এবং সামরিক বাহিনীর অন্তত ১১টি জাহাজ ও ৯টি বিমান উদ্ধার কাজ শুরু করে। এসময় ১৩টি বেসামরিক জাহাজ তাদের সহায়তা করে।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন