পাকিস্তানে রেলস্টেশনে বিস্ফোরণ, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯
ছবি : সংগৃহীত।
পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা রেলস্টেশনের কাছে একটি বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেস ট্রেন রওনা হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ছবি : সংগৃহীত।
কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলে জানিয়ে মুহাম্মদ বালোচ বলেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে।’ তবে আরও তদন্ত চলছে বলে উল্লেখ করেন তিনি।
দেশটির রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
তারা গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।
ইতোমধ্যে কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে এবং অতিরিক্ত চিকিৎসক ও কর্মীদের ডাকা হয়েছে।
বর্তমানে দেশটির উত্তর-পশ্চিমে সন্ত্রাসী হামলা এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সঙ্গে লড়ছে পাকিস্তান।
সূত্র : রয়টার্স, দ্য নিউজ, জিও নিউজ।
এসবি

