শিশুদের ক্ষতির জন্য জাকারবার্গ দায়ী নন : আদালত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৭
মার্ক জাকারবার্গ/ছবি : সংগৃহীত।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের আসক্তি নিয়ে দায়ের করা ২৫টি মামলার জন্য মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে জানিয়েছেন এক ফেডারেল বিচারক।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ইভন গনজালেস রজার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার নিয়ে শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য ঝুঁকি বিষয়টি গোপন রাখতে মেটাকে ব্যবহার করেছিলেন।
বাদীপক্ষ মেটার এই সহ-প্রতিষ্ঠাতাকে ‘গোপন প্রচেষ্টার মূল অনুপ্রেরণা’ বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, তিনি এই ঝুঁকির বিষয়ে বারবার অভ্যন্তরীণ সতর্কতা উপেক্ষা করেছেন।
এই মামলাগুলো যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্যে যথাক্রমে অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, জর্জিয়া, মেরিল্যান্ড, নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভানিয়া, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ভার্জিনিয়া ও উইসকনসিনের আইন অনুসারে করা হয়েছে।
শুক্রবার বাদীপক্ষের আইনজীবী প্রিভিন ওয়ারেন বলেন, তার মক্কেলরা সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে শিশুদের নিরাপত্তার চেয়ে লাভকে প্রাধান্য দিয়েছে, তার সত্য উদ্ঘাটন করতে প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে এই ২৫টি মামলা ছাড়াও শতাধিক মামলা রয়েছে। শিশুরা ও তাদের পরিবার এবং স্কুল এই মামলাগুলো করেছে। এতে মেটা, গুগল, বাইটড্যান্সের টিকটক ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও মেটার বিরুদ্ধে এমন মামলা করছেন। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে উদ্বেগ, হতাশা, অনিদ্রা এবং শিক্ষা ও দৈনন্দিন জীবনযাপনে বাধা দেওয়াসহ নানা বিষয়ে অভিযুক্ত করা হয়েছে।
এসবি/ওএফ

