বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:৫৫
ছবি : সংগৃহীত।
আগামী বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার বেলা ১১টায় ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালের নির্বাচনে এই রীতির ব্যত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি।
২০১৬ সালে নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প। তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সময় তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেন। তারা দেশের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছিলেন।
সূত্র : বিবিসি।
এসবি

