গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে গেল কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:৫৮
কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সাথে দোহাতে হামাস নেতা খালেদ মেশাল /ছবি : সংগৃহীত
হামাস ও ইসরায়েল আলোচনা টেবিলে ফিরে আসার ‘আন্তরিক ইচ্ছা’ না দেখালে গাজায় যুদ্ধবিরতির জন্য আর মধ্যস্থতা করবে না কাতার। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় এটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে মনে করা হচ্ছে। এটি হামাসের জন্য একটি বড় রকমের ধাক্কা। যার শীর্ষ নেতাদের ইসরায়েল হত্যা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, উপসাগরীয় দেশটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়টি ‘আর তার উদ্দেশ্য পূরণ করছে না।’
কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের সাথে গাজায় বছরব্যাপী লড়াইয়ে যুদ্ধবিরতির আলোচনা পর্বগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও এখন পর্যন্ত সেগুলো ফলপ্রসূ হয়নি। অক্টোবরের মাঝামাঝি সময়ে হওয়া সর্বসাম্প্রতিক আলোচনায় হামাস স্বল্পমেয়াদী একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে কোনো চুক্তিতে আসতে ব্যর্থ হয়।
ওই কর্মকর্তা বলেন, কাতার সংঘাতের শুরু থেকেই বলছে তারা কেবল তখনই মধ্যস্থতা করতে পারে যখন উভয় পক্ষই একটি সমাধান খোঁজার জন্য প্রকৃত আগ্রহ প্রদর্শন করে। কাতার তার সিদ্ধান্তের বিষয়ে হামাস, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রশাসনকে অবহিত করেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর হামাসের দোহায় উপস্থিতি আর গ্রহণযোগ্য নয়। কাতার থেকে হামাসের কার্যালয় সরিয়ে দিতে বলেছে ওয়াশিংটন। দোহা এই বার্তা হামাসকে দিয়েছে।
কাতার যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির অংশ হিসাবে ২০১২ সাল থেকে হামাসের রাজনৈতিক নেতাদের দেশটিতে অবস্থানের সুযোগ দিয়েছে। সেখানে হামাসের উপস্থিতি আলোচনার অগ্রগতিকে সহজ করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার সময় অংশ হিসেবে কাতার ১০ দিন আগে উভয়পক্ষকে জানিয়েছিল, এবার চুক্তি না হলে তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করার প্রচেষ্টা বন্ধ করে দেবে। কাতার তখনই পুনরায় মধ্যস্থতার চেষ্টা শুরু করবে যখন উভয়পক্ষ নৃশংস যুদ্ধের অবসান চাইবে।
হামাস স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় অক্টোবরের মাঝামাঝি সময়ে সর্বশেষ একটি যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হয়। ইসরাইল এর আগে দীর্ঘ যুদ্ধবিরতির কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। গাজায় হামাস ও ইসরায়েলের উপস্থিতির দীর্ঘমেয়াদী ভবিষ্যতকে কেন্দ্র করে এসব মতবিরোধ বাড়ছে। ফলে উভয় পক্ষই কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার বা হামাস নেতাদের কাতার ত্যাগ করার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেনি।
কাতারের বিষয়ে হামাস বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ওএফ

