বিশ্বের সেরা নতুন ভবনের খেতাব পেয়েছে একটি স্কুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:০৩
ছবি : সংগৃহীত।
রাজকীয় ভবন, জাদুঘর, বিমানবন্দর অথবা চোখ ধাঁধানো কোন স্থাপনা সবকিছুকে পেছনে ফেলে ‘বিশ্বের সেরা নতুন ভবন ২০২৪’-এর খেতাব পেয়েছে অস্ট্রেলিয়ার একটি স্কুল।
সিডনির চিপেনডেল উপশহরের ডার্লিংটন পাবলিক স্কুলটি পৃথিবীজুড়ে স্থাপত্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের হাজার হাজার ভবন থেকে ২২০টি ভবনকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। সেখান থেকে এই স্কুলটিকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়।
শুক্রবার (৮ নভেম্বর) সিঙ্গাপুরে ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভালে সেরা নতুন স্থাপত্য হিসেবে স্কুলটির নাম ঘোষণা করা হয়।
এটি কৌণিক ইট দিয়ে তৈরি একটি স্কুল চত্বর। এটির ছাদটি দেখতে কড়াতের দাঁতের মতো। বাইরে পর্যাপ্ত খোলা জায়গা রযেছে। যার মধ্যে একটি বাস্কেটবল কোর্টও রয়েছে। এছাড়া এর বাইরের অংশে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে লোহার স্ক্রিন। যার মাধ্যমে স্কুলটিতে আলো ও বাতাস প্রবেশ করতে পারে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তাও নিশ্চিত করে।
এটি শুধুমাত্র একটি স্কুল নয়। বরং একটি জীবন্ত পরিবেশ। যেখানে শিশুরা শ্রেণীকক্ষে বসে শুধু বই পড়ে না, বরং বাইরের দুনিয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের সঙ্গে সংযোগ তৈরি করে।
স্কুলটি প্রথম তৈরি করা হয় ১৯৭০ সালে। ভবন পুরোনো হয়ে যাওয়ায় নতুন করে এটি আবার তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে। তবে পুরোনো স্কুলটির ছোঁয়া রেখে নতুন ভবনটি তৈরি করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে শিক্ষার সমসাময়িক পরিবেশ।
স্কুলটি নতুন করে নির্মাণ করেছে এফজেসিস্টুডিও নামের একটি নির্মাণ সংস্থা। তারা ভবনটিতে অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষের ছোঁয়াও রেখেছে।
স্কুলটি সম্পর্কে এফজেসিস্টুডিও জানায়, নতুন ডিজাইনটি শিক্ষার্থীদের জন্য আধুনিক এবং কার্যকরী শিক্ষার পরিবেশ তৈরি করেছে, যা তাদের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করবে।
নতুন এ স্কুল ভবনটিতে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। স্কুলটিতে প্রিস্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রদান করা হয়।
সূত্র: সিএনএন।
এসবি

