হামলা যে অজুহাতে, তা গ্রহণযোগ্য নয়
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলার নিন্দা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ২২:০৩
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর সশস্ত্র আগ্রাসন চালিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বিবৃতিতে বলা হয়, এই হামলার পক্ষে যে যুক্তি তুলে ধরা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাশিয়া ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বলেও উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ হামলায় এখন পর্যন্ত কোনো রুশ নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হলেও, এ ঘটনায় কারাকাসকে সহায়তার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রেমলিন।
এদিকে শনিবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানান, একটি বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার জানালার কাঁচ পর্যন্ত কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজধানী কারাকাসে ভোরের দিকে বিকট শব্দ ও যুদ্ধবিমানের গর্জন শোনা যায়। একই সঙ্গে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
এ ছাড়া শহরের দক্ষিণাংশে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এসএসকে/

