Logo

আন্তর্জাতিক

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং জাতীয় অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপির নির্বাহী বোর্ডের বার্ষিক বৈঠকে এ বিষয়ে কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদার ও বিচারিক সংস্কারে ইউএনডিপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরেন।

রাষ্ট্রদূত চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের জন্য ধারাবাহিক ও পূর্বানুমেয় আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো যে ক্ষতি ও লোকসানের মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় নতুন, অতিরিক্ত ও সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ চলমান জাতিসংঘ সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানায়। তবে একই সঙ্গে ইউএনডিপির বাস্তবায়ন ম্যান্ডেট ও দেশভিত্তিক কর্মসূচিগুলো অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া রাষ্ট্রদূত চৌধুরী নতুন ইউএনডিপি প্রশাসক আলেকজান্ডার ডে ক্রো-কে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার নেতৃত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতিসংঘ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর