Logo

আন্তর্জাতিক

মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় প্রত্যর্পণের অনুরোধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬

মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় প্রত্যর্পণের অনুরোধ

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় প্রত্যর্পণের আবেদন জানিয়েছেন আর্জেন্টিনার একজন বিচারক। মানবতাবিরোধী অপরাধের মামলার প্রেক্ষিতে ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় এই আবেদন করা হয়েছে।

মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে বন্দি আছেন। গত মাসে তাকে কারাকাস থেকে যুক্তরাষ্ট্রে তোলা হয়। এখানে তিনি মাদক ও সন্ত্রাসবিরোধী অপরাধ এবং কোকেন পাচারের ষড়যন্ত্র মামলার মুখোমুখি হয়েছেন।

আর্জেন্টিনার বিচারকরা প্রায়শই মানবাধিকার লঙ্ঘনের মামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম চালান। মাদুরোর বিরুদ্ধে বুয়েন্স আয়রেসে মামলা করা হয় ২০২৩ সালে। মামলায় অভিযোগ আনা হয়েছে, মাদুরোর শাসনামলে বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধীদের ওপর কড়া দমন-পীড়ন চালিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

আর্জেন্টিনার ফেডারেল বিচারক সেবাস্টিয়ান রামোস স্বাক্ষরিত পরোয়ানায় দেখা যায়, মামলার বাদীদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতন, আটক এবং অপহরণের শিকার ভেনেজুয়েলার নাগরিকরা।

২০২৩ সালে মানবাধিকার সংস্থাগুলো ভুক্তভোগীদের পক্ষে ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় মামলা দায়ের করে। এই আইনি নীতির অনুযায়ী বিশ্বের যেকোনো প্রান্তে গণহত্যা বা সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্তদের আর্জেন্টিনার আদালতে বিচারের মুখোমুখি করা যায়।

নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের অনুরোধটি মার্কিন প্রশাসনের কাছে উপস্থাপন করবে। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই অনুরোধ গ্রহণের সম্ভাবনা কম। মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে রয়েছেন। গত মাসে তাদের আদালতে হাজির করা হয়েছিল। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে মার্চে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর