Logo

আন্তর্জাতিক

গাজায় ৮ হাজার সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪১

গাজায় ৮ হাজার সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল মারুলি সিমানজুনতাক মঙ্গলবার এ ঘোষণা দেন।

জেনারেল মারুলি বলেন, “একটি ব্রিগেড—প্রায় ৫ থেকে ৮ হাজার সেনা পাঠানোর কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু আলোচনার মধ্যে আছে; কিছুই চূড়ান্ত নয়।”

ইসরায়েলের সরকারি বেতার জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের মাঝামাঝি এলাকায় ইন্দোনেশীয় বাহিনীর জন্য একটি ব্যারাকের ব্যবস্থা করা হয়েছে। এ বাহিনী প্রাথমিকভাবে সহায়ক ভূমিকা পালন করবে। সেনাদের প্রশিক্ষণ ইতোমধ্যেই শুরু হয়েছে, যেখানে ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্য ইউনিট তৈরি করা হচ্ছে।

গাজায় ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের মোতায়েন হবে ১৯৬৭ সালের পর প্রথমবার। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশকে মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল সংঘাতে সরাসরি যুক্ত করবে।

ট্রাম্পের পরিকল্পনার একটি সংস্করণ অনুযায়ী, গাজায় দৈনন্দিন শাসনভার সামলাতে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। হামাসকে নিরস্ত্র করতে সাহায্য করবে জর্ডান ও মিসরে প্রশিক্ষণপ্রাপ্ত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোটের কট্টর ডানপন্থিরা বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা করতে পারেন। তাদের মতে, এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি ধাপ, যা তারা মেনে নিতে চান না। নেতানিয়াহু মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসে যোগ দিতে সম্মত হয়েছেন। বোর্ড গাজা ও বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রক্রিয়া তদারকি করবে। প্রথম পূর্ণ বৈঠক আগামী সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা শহর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর